মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মিরপুরে স্কুলসহ ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নামে। ২০২৪ এ গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটি জবরদখল, মার্কেটের অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন এবং বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। রোববার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানটির স্থায়ী সদস্যরা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তার। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৮৮ সালে গণপূর্ত থেকে বরাদ্দকৃত ১৬ কাঠা জমির উপরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তায় মিরেপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন নির্মিণ করেন। শুরু থেকেই বিনা বেতনে শিক্ষাদান ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালিত হয়ে আসছিল প্রতিষ্ঠানটি। শুরু থেকে সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে শওকতের মৃত্যুর পর তার স্ত্রী রুনু আক্তারকে সভাপতি করা হয়।

তিনিও বিএনপি’র সাবেক দু’বারের কমিশনার। রুনু আক্তার বলেন, ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেও দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। কিন্তু ওই বছরের ২৩ আগস্ট বিদ্যালয় চলাকালে বেলা ১১টায় একদল ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হয়। তারা নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ বেশ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপরে হামলা, মারধর, গালাগাল এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সবাইকে বের করে দেয়।

তিনি বলেন, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্যই ছিলেন না। এছাড়া নতুন কমিটিতে অনেকের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যালয়টির ভবন ঘিরে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভাড়ার টাকায় শিক্ষক-কর্মচারীদের বেতন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো বলে জানান রুনু আক্তার। তিনি বলেন, অবৈধভাবে দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়ার টাকা আদায় করে আত্মসাৎ করা হয়। এছাড়া স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ভবনের ছাদে আড্ডা, মাদক সেবন ও বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।

রুনু আক্তার বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করে অর্থ আত্মসাৎ করছে। সদস্যদের হুমকি-ধামকি দিচ্ছেন। তাই এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি পূর্বের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাই। সংবাদ সম্মেলনে স্থায়ী সদস্যরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও অনৈতিক কর্মকান্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারাণ ডায়েরি (জিডি) করার জন্য গেলেও কোন সহযোগীতা পাওয়া যায়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, দু’পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করলে- এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানিয়েছিলেন, এ বিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোন সংগঠন নেই। যেহেতু আমি এ বিষয়ে অবগত নই এবং জড়িতদের চিনতে পারছি না, তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসমা আক্তার পপি বলেন, সংবাদ সম্মেলনের অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার হাসবেন্ড কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি। ওয়ারিশ হলে স্থায়ী সদস্যের প্রয়োজন হয় না বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের স্থায়ী ৪৮ সদস্যের মাধ্যে আনোয়ার হোসেন, লিয়কত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবল হোসেন, সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন।