বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে রোবোটিক্স, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং স্টেম শিক্ষার প্রসারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড-২০২৬। রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং রোবো টেক ভ্যালির যৌথ উদ্যোগে আয়োজিত এই অলিম্পিয়াডের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত ছিল ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)। পাশাপাশি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল আইইইই কম্পিউটার সোসাইটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি, প্রো-ভিসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী বিভাগীয় প্রধান আমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন রোবো টেক ভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াডের আহ্বায়ক এ এস এম আহসানুল সরকার আকিব।
অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরার জন্য বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিভাগগুলোর মধ্যে ছিল রোবোটিক্স প্রজেক্ট ডিসপ্লে, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), রোবো সকার, ড্রোন রেসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা।
এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের তৈরি রোবট, প্রযুক্তিগত প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পায়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা অর্জন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়।
রোবো টেক ভ্যালি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিত (স্টিম)-এর চর্চা ও আগ্রহ তৈরিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবক, গবেষক, প্রকৌশলী ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা।
রোবো টেক ভ্যালি ২০,০০০-এরও বেশি শিক্ষার্থীকে রোবোটিক্স ও প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে এবং ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমবেডেড সিস্টেমস এবং স্টেম শিক্ষা নিয়ে নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক মানের অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামুখী মানসিকতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লব ও ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক হবে।
অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল রোবো টেক অলিম্পিয়াড- ২০২৬
স্টাফ রিপোর্টার
অনলাইন
২১ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৫ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
