নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

ফন্ট সাইজ:

প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন হলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) আয়োজিত 'প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ আমাদের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে রিজভী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও আইন প্রণয়ন জরুরি।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।