শেখ হাসিনার পুনর্বিচার প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পুনর্বিচার প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচার প্রসঙ্গে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি  তার মন্তব্য জানান।  টেলিগ্রাফের প্রতিবেদনে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার পুনর্বিচারের প্রসঙ্গ তুলে ধরা হয়। বিষয়টি নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘‘একবার বিচার হয়ে যাওয়ার পর পুনরায় বিচার বা ‘ডি নভো ট্রায়াল’-এর বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় থাকলেও ভারত নিজেই তাদের আইন থেকে এটি বাতিল (রিপিল) করেছে। বাংলাদেশেও এই আইন বাতিল করা হয়েছে, পাকিস্তানেও নেই। যে দেশে নিজেরা এটি চর্চা করে না, তারা কীভাবে আরেক দেশকে ডি নভো ট্রায়ালের পরামর্শ দেয়?’’

তিনি আরও বলেন, ‘আসামি ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। বিচার চলাকালে বা নির্ধারিত সময়ে তারা কেন তাকে বাংলাদেশে এসে বিচার মোকাবিলা বা আপিল করার পরামর্শ দিলেন না? নির্ধারিত সময় পার করে এখন পুনর্বিচারের যে উদ্ভট বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা তা প্রত্যাখ্যান করছি।’

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের রুলস অব প্রসিডিউর আওয়ামী লীগ সরকারেরই প্রণীত উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা আইন পরিবর্তন করিনি। প্রচলিত আইনে আপিলের বিধান রয়েছে, কিন্তু পুনর্বিচারের কোনো সুযোগ নেই। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল বা আমার কারোরই নেই।’

ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ ওয়াসিমসহ ছয়জনকে নির্বিচারে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের সময়ক্ষেপণমূলক সব আবেদন খারিজ করে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ বিচার শুরু হয়।
ওয়াসিম হত্যা মামলার বিচার ও আসামিপক্ষের কালক্ষেপণের অভিযোগ চিফ প্রসিকিউটর জানান, ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে নির্বিচারে হত্যার ঘটনায় আওয়ামী লীগের হাছান মাহমুদ চৌধুরী, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাছির উদ্দীন ও রনিসহ ২২ জন আসামির বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন পর্যালোচনা করে ফরমাল চার্জ দাখিল করা হলে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং চার্জ গঠন করা হয়।

তবে চার্জ গঠনের পর সাড়ে চার মাস পেরিয়ে গেলেও আসামিপক্ষের নানা অপতৎপরতা ও অজুহাতের কারণে সাক্ষ্যগ্রহণ শুরু করা যাচ্ছিল না বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘এই মামলা ঘিরে কোটি টাকা চাওয়া থেকে শুরু করে আসামি বাদ দেওয়ার মতো নানা অভিযোগ ও বাধাবিঘ্ন তৈরি করা হয়েছে। প্রতি তারিখেই আসামিপক্ষ কাগজপত্র না পাওয়া, প্রিভিলেজ কমিউনিকেশন না দেওয়া, আইনজীবী অসুস্থ বা আসামি স্ট্রেচারে—এমন নানা অজুহাতে মুলতবির (অ্যাডজর্নমেন্ট) আবেদন নিয়ে আসে। এমনকি আসামি ফজলে করিম চৌধুরীর আইনজীবী ও স্বজনেরা জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থায় আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন।’
রোববারও আসামিপক্ষ চারটি আবেদন নিয়ে আসে, যার একটি নিষ্পত্তি হয় এবং বাকিগুলো ট্রাইব্যুনাল খারিজ করে দেন। বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘বার কাউন্সিল বহু আগেই বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বাতিল করেছে। দেশে মনসুরুল হক চৌধুরী ও এহসানুল হক সমাজীর মতো বরেণ্য ফৌজদারি আইনজীবীদের নিয়োগ দেওয়ার পরও বিদেশি আইনজীবীর অজুহাতে বিচার বিলম্বিত করার চেষ্টা হচ্ছে।’
এছাড়া সাক্ষীরা গালাগালি করেছে মর্মে আসামিপক্ষের অভিযোগের বিপরীতে সাক্ষীরাও হুমকির পাল্টা অভিযোগ করেছেন বলে জানান তিনি।
বিদেশি পর্যবেক্ষকের ট্রাইব্যুনাল পরিদর্শন
রোববার ফজলে করিম চৌধুরীর মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করতে ফ্রান্সের আদালতের একজন প্র্যাকটিসিং আইনজীবী ও মানবাধিকার কর্মী মিস হেলেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর তাকে ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম ও হাজতখানার পাশে আসামিদের সঙ্গে আইনজীবীদের গোপন পরামর্শের (প্রিভিলেজ কমিউনিকেশন) জন্য নির্ধারিত কক্ষ সরেজমিনে ঘুরিয়ে দেখান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের এখানে স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে, আসামিরা আদালতের অনুমতি ছাড়াই নির্ধারিত কক্ষে দরজা বন্ধ করে আইনজীবীদের সঙ্গে যতক্ষণ ইচ্ছা পরামর্শ করতে পারবেন। এছাড়া রেজিস্ট্রার অফিস থেকে সব নথি সরবরাহের পরও কারও কোনো কাগজের ঘাটতি থাকলে সরাসরি আমার অফিস থেকে নকল নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সবকিছু দেখে মিস হেলেন কনভিন্সড হয়েছেন যে, আসামিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার বিলম্বিত করতে বারবার মুলতবির আবেদন করছে।’
বুধবার যশোর থেকে জেলা পর্যায়ে তদন্ত শুরু
এদিকে সারা দেশে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম জেলা পর্যায়ে বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, আগামী বুধবার যশোর থেকে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে। এর ফলে সারা দেশে জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা আরও সহজ হবে।