ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার

তারেক রহমানকে এরদোগান

ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার

ফন্ট সাইজ:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান ভাই’(ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার) বলে সম্বোধন করেছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, তুরস্কের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের জন্য যা করার প্রয়োজন, তা করা হবে।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন এরদোগান। ওই বৈঠকের বিষয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, এরদোগান তারেক রহমানকে বলেছেন, ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার।' আপনার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করবো। বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও তারেক রহমানকে মূল্যবান ভাই হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের জন্য তুরস্কের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানাতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের জন্য যা করার, তা করা হবে।

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক একটি বিস্তৃত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বহুপক্ষীয় সম্মেলনের ব্যস্ত কর্মসূচির মধ্যেও তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এর মধ্যে প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, দুই দেশের যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার সম্ভাবনা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারিত্বের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় এসেছে।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্মিলিত অবস্থান তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।