সিটি নির্বাচনে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

সিটি নির্বাচনে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

ফন্ট সাইজ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিজস্ব উদ্যোগে আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সিটি কর্পোরেশনের মেয়র পদে দলটি কোনো প্রার্থী দেবে না, এই পদে তারা ১১ দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানাবে।

আজ রবিবার সকাল ১১ টায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

দলীয় নেতৃবৃন্দের প্রতি নির্দেশনায় রাশেদ প্রধান বলেন, যেসব স্থানে জাগপার কোনো প্রার্থী থাকবে না, সেসব স্থানে শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে জোটের অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীদের সাথে কোনো অবস্থাতেই বিবাদে জড়ানো যাবে না। নির্বাচনে সুবিধা পাওয়ার স্বার্থে কোনো জালিমের সাথে আপস না করার এবং অন্যায়ের সামনে মাথা নত না করারও আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রসঙ্গ টেনে বর্তমান বিএনপি সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান। দলের যে সকল নেতা-কর্মী নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩০ নভেম্বর সোমবারের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাশেদ প্রধান বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্যের একক প্রার্থী থাকলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো আলাদাভাবে অংশ নেবে। তবে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ পারস্পরিক সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করতে পারলে, ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদকে অবহিত করার মাধ্যমে ঐক্যের একক প্রার্থী হওয়ারও সুযোগ রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান।