গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে ৪ সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকালে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন—ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে আহত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম বলেন,‘শনিবার বিকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনের স্থানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু ও বালু বহনে ব্যবহৃত চারটি ট্র্যাক্টর জব্দ করা হয়। ওই অভিযানের তথ্য ও ভিডিও সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে তিনটি মোটরসাইকেলে করে আসা নয়জন ব্যক্তি আমাদের পথরোধ করেন। পরে তাদের একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে মব সৃষ্টি করে বেধড়ক মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ রাখা হয়। একপর্যায়ে আমাদের হাতে জোর করে টাকা ধরিয়ে দিয়ে একটি সংঘবদ্ধ চক্র ভিডিও ধারণ করে।’
তিনি আরও বলেন, ‘পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়।’
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পলাশবাড়ী থানার ওসি আখতার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি, এটি খুবই দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি শুনেছি। তবে অভিযানের জব্দকৃত গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।’
