‘দলের সবাই জানতো’—স্যান্ডপেপার বিতর্কে খাজার পাশে সাবেক সতীর্থ

‘দলের সবাই জানতো’—স্যান্ডপেপার বিতর্কে খাজার পাশে সাবেক সতীর্থ

ফন্ট সাইজ:

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে সতীর্থ সায়ার্স
অস্ট্রেলিয়া ক্রিকেটের বহুল আলোচিত ২০১৮ সালের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বল বিকৃতির ঘটনায় উসমান খাজার করা দাবির পক্ষে এবার মুখ খুলেছেন সে সময় দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা পেসার চ্যাড সায়ার্স। তার দাবি, দলের প্রায় সবাই জানতেন বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনার কথা, যা সরাসরি বিরোধিতা করছে অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যের।
অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডের আগে এসইএন রেডিওকে দেয়া সাক্ষাৎকারে সায়ার্স বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, ওই দলের সবাই জানতো কী ঘটছিলো এবং বলের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছিলো। আমি শুধু নিজের দেখা ও জানা ঘটনাগুলো তুলে ধরছি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট ম্যাচ খেলেন সায়ার্স। জোহানেসবার্গে সিরিজের শেষ ম্যাচে মিচেল স্টার্কের পরিবর্তে একাদশে সুযোগ পান তিনি। তবে তার আগে পোর্ট এলিজাবেথ টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করতে দেখা যায়। সায়ার্সের দাবি, ঘটনার পর মাঠ থেকে সেই স্যান্ডপেপার সরানোর দায়িত্বও পড়ে তার নিজের ওপর। তিনি বলেন, ‘পোর্ট এলিজাবেথেই প্রথম বিষয়টি সম্পর্কে জানতে পারি। ড্রেসিংরুমে আলোচনা হচ্ছিলো, কীভাবে বল রিভার্স সুইং করানো যায় এবং এ জন্য কী ব্যবহার করা হবে। স্যান্ডপেপার সরিয়ে নেয়ার দায়িত্ব আমাকে দেয়া হয়।’
সায়ার্সের আরেকটি বক্তব্য বিতর্ককে আরও বাড়িয়েছে। কেপটাউনে বল বিকৃতির ঘটনা প্রকাশ্যে আসার পর দলের ড্রেসিংরুমে ৬০ থেকে ৯০ মিনিটের একটি বৈঠক হয়ে বলে জানান তিনি। সেখানে সম্মিলিতভাবে দায় নেয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা হয়। অথচ সম্প্রতি কামিন্স দাবি করেন, এমন কোনো বৈঠকের কথা তার মনে নেই। খাজার অভিযোগের জবাবে তিনি বলেন, সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন—এ দাবি ‘১০০ শতাংশ ভুল’।
সায়ার্স জানান, কামিন্সের সংবাদ সম্মেলনের শুরুটা দেখলেও খাজার প্রতি তার আচরণ ভালো লাগেনি। এদিকে ডেভিড ওয়ার্নারও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, ২০১৮ সালের তদন্তে সব তথ্য সংশ্লিষ্ট খেলোয়াড়দের সামনে উপস্থাপন করা হয়নি। পুরো ঘটনাকে তিনি আগে থেকেই ‘ধামাচাপা দেয়ার চেষ্টা’ বলে অভিহিত করেন।