বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন আরও সহজ করলো জার্মানি

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন আরও সহজ করলো জার্মানি

ফন্ট সাইজ:

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। এখন থেকে দেশটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় ভিসার আবেদন করতে হবে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সেবা পোর্টালের মাধ্যমে।

রোববার ঢাকায় জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের বহিরাগত সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএসের মাধ্যমে প্রাথমিকভাবে নথিপত্র যাচাই করা হবে। এতে সরাসরি উপস্থিতির সময় কমবে। সশরীরে উপস্থিতির ক্ষেত্রে মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন হবে।
এ ছাড়া আবেদনকারীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনের অগ্রগতি জানতে পারবেন। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

নতুন ব্যবস্থা চালুর সঙ্গে সঙ্গে আগের ভিসা আবেদন পদ্ধতির অধীনে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। ফলে আগে যারা অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছিলেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে। পুরোনো তালিকার কোনো নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না এবং আগের নিবন্ধন আর কার্যকর থাকবে না।
জার্মানিতে জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে দূতাবাস। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও অন্যান্য নির্দেশনা ওই পোর্টালে পাওয়া যাবে।