জেনসেন হুয়াং কেলেঙ্কারিতে চাপে ব্যবসাবান্ধব সিঙ্গাপুর

জেনসেন হুয়াং কেলেঙ্কারিতে চাপে ব্যবসাবান্ধব সিঙ্গাপুর

ফন্ট সাইজ:

এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এবং সিঙ্গাপুরভিত্তিক সন্দেহভাজন চীনা গুপ্তচরকে ঘিরে বড় ধরনের কেলেঙ্কারি বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর চিপের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের সাফল্যকে নতুন করে আলোচনায় এনেছে। একই সঙ্গে দেশটি অবৈধ বাণিজ্যের কথিত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে পদত্যাগ করেছেন হুয়াং। এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তিনি এ সিদ্ধান্ত নেন। ওই নারী অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরের ডাটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপের অন্যতম বড় ক্রেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

কয়েক দশক ধরে সিঙ্গাপুর নিজেদের একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। দেশটি এমন পরিবেশ তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে সহজে প্রবেশ করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সেমিকন্ডাক্টর চিপের বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে সিঙ্গাপুর। গত বছর এনভিডিয়ার বৈশ্বিক বিলিং কেন্দ্রগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল সিঙ্গাপুর। প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশের হিসাব হয়েছে এই নগররাষ্ট্র থেকে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এনভিডিয়ার মোট আয়ের ১ শতাংশেরও কম এসেছে সিঙ্গাপুরে প্রকৃতপক্ষে সরবরাহ করা চিপ থেকে। কারণ, এশিয়ার বহু প্রতিষ্ঠান সিঙ্গাপুরকে অর্ডার দেয়ার কেন্দ্র হিসেবে ব্যবহার করে। পরে সেখান থেকে চিপ অন্য দেশে পাঠানো হয়।

২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তির মার্কিন সেমিকন্ডাক্টর চীনকে রপ্তানি করা কিংবা চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে পৌঁছানোর ওপর বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকেই মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ, সিঙ্গাপুরের মতো তৃতীয় দেশকে ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো এসব চিপ সংগ্রহ করতে পারে। মেগাস্পিডের ঘটনা এর একটি উদাহরণ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার চিপের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে থাকা নিজেদের ডাটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে এসব চিপ ব্যবহারের গোপন সুযোগ করে দিয়েছে তারা। সিঙ্গাপুর বিদেশি প্রতিষ্ঠানের কাছে উন্নত এআই চিপ স্থানান্তর নিষিদ্ধ করেনি। তবে এ ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করতে পারে।

সিঙ্গাপুর জানিয়েছে, অন্য দেশের একতরফাভাবে আরোপ করা রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ তারা কার্যকর করে না। তবে দেশটির আওতাধীন সব প্রতিষ্ঠানকে এ ধরনের বিধিবিধান মেনে চলার প্রত্যাশা করে তারা। এ ক্ষেত্রে আইন প্রয়োগে কিছুটা সাফল্যও পেয়েছে সিঙ্গাপুর। চীনা নাগরিকসহ চারটি প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অভিযোগ গঠন করেছে দেশটি। এসব অভিযোগের মধ্যে জালিয়াতিও রয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল, চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিক সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় তৃতীয় পক্ষের কাছ থেকে এনভিডিয়ার চিপ কিনছিল। তবে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়ে বেশ কিছু সমস্যার মুখে পড়ে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মেগাস্পিড ও অন্যান্য প্রতিষ্ঠান সিঙ্গাপুরের মাধ্যমে কেনা এবং রপ্তানি করা ডাটা সার্ভারের বিষয়ে মিথ্যা ঘোষণা দিয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছিল, এসব সরঞ্জাম প্রতিবেশী মালয়েশিয়ায় পাঠানো হবে। কিন্তু সিঙ্গাপুর কর্তৃপক্ষের সন্দেহ, সরঞ্জামগুলোর প্রকৃত গন্তব্য ছিল অন্য কোথাও। সিঙ্গাপুর জানিয়েছে, তদন্তাধীন একটি প্রতিষ্ঠান সুপারমাইক্রো সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য তারা কয়েক দফা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে। বিবিসি জানতে পেরেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি মেগাস্পিডকে কম্পিউটার সার্ভার সরবরাহ করছিল। তবে সিঙ্গাপুরের বিবৃতিতে বলা হয়েছে, বারবার অনুরোধ জানানোর পরও এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সীমিত তথ্য ও সহযোগিতা পাওয়া গেছে।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধেও তদন্ত করা হয়েছিল। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়, মেগাস্পিডের কথিত জালিয়াতিতে তার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হয়। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অপরাধের ‘পর্যাপ্ত প্রমাণ’ পায়নি কর্তৃপক্ষ। কয়েক মাস তার পাসপোর্ট আটকে রাখার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সিঙ্গাপুর ছাড়ার অনুমতি দেয়া হয়। প্রায় দুই বছর আগে তদন্ত শুরু হলেও এ পর্যন্ত মেগাস্পিড কিংবা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেনি সিঙ্গাপুর। মেগাস্পিডের বিষয়ে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের তদন্ত এখনো চলছে।

এসব ঘটনা সিঙ্গাপুরের সামনে তৈরি হওয়া কূটনৈতিক ও অর্থনৈতিক দ্বিধাকে আরও স্পষ্ট করেছে। নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ডিলান লো বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখে দুই দেশের কাছ থেকেই সুবিধা নিতে পেরেছে সিঙ্গাপুর। দুই পরাশক্তির মধ্যে নিজেদের নিরপেক্ষ অবস্থানে রেখেছে দেশটি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বারবার বলেছেন, তার দেশ চীনপন্থি বা আমেরিকাপন্থি নয়, বরং ‘সিঙ্গাপুরপন্থি’। তবে ডিলান লোর মতে, চিপ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধের কারণে এই ভারসাম্য বজায় রাখা এখন ‘দ্রুতই অত্যন্ত কঠিন হয়ে উঠেছে, কখনো কখনো পরিস্থিতি বেশ জটিলও হয়ে পড়ছে’।