একসঙ্গে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ঐতিহাসিক বৈঠক

একসঙ্গে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

ফন্ট সাইজ:

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে একসঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে। আলোচনার মূল বিষয় থাকবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ।

ট্রাম্প এর আগে বলেছেন, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে নতুন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে এ আলোচনার মাধ্যমে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়েও আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের এই বিস্তার অত্যন্ত বিপজ্জনক। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

অন্যদিকে, চীন দ্রুতগতিতে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সম্প্রসারণ করছে। তবে পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাকে খাটো করে দেখছেন মার্কিন কর্মকর্তারা। তাদের ভাষ্য, এ আলোচনা মূলত ভবিষ্যতে সমঝোতার পথ তৈরির সূচনা হতে পারে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমরা এখনই কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না। আমি এটিকে আলোচনার প্রবেশদ্বার বা সূচনা হিসেবে বর্ণনা করব। অন্তত নেতৃপর্যায়ে এই দেশগুলোর মধ্যে এটি হবে প্রথম আলোচনা। ওই কর্মকর্তা আরও বলেন, আশা করছি, এটি এমন একটি আলোচনার শুরু হবে, যা ভবিষ্যতে ফলপ্রসূ হতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বিশ্বনেতারা ইরান নিয়েও আলোচনা করবেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে ইলন মাস্কেরও যাওয়ার কথা। তবে তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকে তার অংশ নেয়ার কথা নয়। এদিকে, বেইজিং ও মস্কো এখনো আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।