ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট বন্ধ, যুক্তরাষ্ট্রে চরম ভোগান্তি, অবশেষে বিমান চলাচল শুরু

ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট বন্ধ, যুক্তরাষ্ট্রে চরম ভোগান্তি, অবশেষে বিমান চলাচল শুরু

ফন্ট সাইজ:

ঘণ্টার পর ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রে ফ্লাইট। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের হাজার হাজার যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। এ সময় তাদের মধ্যে চরম এক আতঙ্ক দেখা দেয়। বিমান চলাচল বিষয়ক ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইট বন্ধ রাখা হয়। অবশ্য কয়েক ঘণ্টা পর ফের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে তারা। তবে বিলম্ব ও ফ্লাইট বাতিলের ভোগান্তি এখানেই শেষ নয়। এই ভোগান্তি চলতেই থাকবে। এরই মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মার্কওয়েইন মুলিন এ ঘটনার সঙ্গে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকির কারণে ঘটেনি। এ সপ্তাহে মাইক্রোসফটের যে বিভ্রাট ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছিল, তার সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র নেই। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে, টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়ায় ঘণ্টার পর ঘণ্টা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ফেডারেল কর্মকর্তারা। সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর আবারও অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে উড্ডয়নের অনুমতি দিয়েছে এফএএ। পরিবহনমন্ত্রী শন ডাফি এ পরিস্থিতির জন্য পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটারগুলোকে দায়ী করেছেন। ব্যবস্থা আধুনিকায়ন না করা হলে আরও বিঘ্ন ঘটবে বলে সতর্ক করেছেন তিনি। এ জন্য উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন তিনি।

ডাফি বলেছেন, স্বাভাবিক অবস্থায় ফিরতে ‘ধীরগতি’ হবে। তবে কয়েক সপ্তাহ পর থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যাতায়াতের ওপর এর প্রভাব পড়ার কথা নয়। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে আনুমানিক ১৫ লাখ মানুষ আটকা পড়েছেন। আকাশে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করায় আকাশপথ কার্যত ফাঁকা হয়ে যায়। চার ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পরিবহনমন্ত্রী শন ডাফি এফএএর কার্যক্রম ও সংকট সমাধানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগ্রহ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, প্রেসিডেন্ট এ বিষয়ে পুরোপুরি সক্রিয় রয়েছেন। শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে ডাফি বলেন, তিনি বিষয়টি খুব ভালোভাবে বোঝেন। তিনি আরও বলেন, তিনি আলোচনা করছিলেন, ব্যবস্থাটি কতটা পুরনো, আগের প্রশাসনগুলো কীভাবে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা কীভাবে ঠিক করতে চান। তিনি চান, আমরা বিশ্বের সেরা ব্যবস্থা গড়ে তুলি। ডাফি জানান, ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা নিয়ে তিনি ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। ব্রিফিংজুড়ে দুজনই ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। মুলিন জোর দিয়ে বলেন, প্রেসিডেন্টের নেতৃত্ব ও আগে থেকে নির্ধারিত পদ্ধতির কারণে কেউ বিপদের মধ্যে ছিলেন না। মুলিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন নেতা কখনোই এই জাতিকে নেতৃত্ব দেননি। তিনি একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন এবং সেই অনুযায়ী দল গঠন করেছেন।

শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট চলাচল বন্ধ থাকার সময় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন। তবে সেসব পোস্টে এফএএর সমস্যা নিয়ে কিছু বলেননি তিনি। একটি পোস্টে হলিউড নিয়ে আইন পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। অন্য একটি পোস্টে লুইজিয়ানায় উদ্ধার তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রশংসা করেন। সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে শন ডাফি বলেন, আমেরিকার জনগণ ও কংগ্রেস যদি আমাদের ব্যবস্থা নির্মাণের নির্দেশ না দেয়, তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আর আমি সেই অপেক্ষা করতে চাই না। হোমস জানতে চান, আজকের মতো ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয়ের জন্য সংস্থাটি কেন প্রস্তুত ছিল না। জবাবে ডাফি বলেন, টিডিএম নেটওয়ার্ক কিংবা অ্যানালগ নেটওয়ার্কে কী ধরনের ভয়াবহ বিপর্যয় ঘটবে, তা আমি আগে থেকে অনুমান করতে পারি না। অন্য এক সাংবাদিক আবারও এমন ঘটনা ঘটার আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে ডাফি বলেন, ঠিক কী ঘটবে, তা তিনি জানেন না। তিনি বলেন, ঠিক এই ঘটনাটি আবার ঘটবে কি না, তা আমি জানি না। ঠিক একই পরিস্থিতি আবার তৈরি হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নই। ব্রিফিংয়ের শুরুতে ডাফি অতীতেও এ ধরনের বিপর্যয়ের কয়েকটি ঘটনার কথা তুলে ধরেন। তিনি বারবার ব্যবস্থাটিকে ‘অ্যানালগ’ বলে উল্লেখ করেন। ডাফি বলেন, জাতিসংঘের জন্য বিশ্বনেতারা যখন নিউইয়র্কে আসছিলেন, তখনও এমন ঘটনা ঘটেছিল। একই ধরনের সমস্যা হয়েছিল। নিউইয়র্কেও সমস্যা হয়েছিল। এটি দুবার ঘটেছে।