দিল্লি চায় হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠাক ঢাকা, প্রশ্নে 'নীরব' জয়সওয়াল

দিল্লি চায় হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠাক ঢাকা, প্রশ্নে 'নীরব' জয়সওয়াল

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত দুটি শর্তের আভাস দিয়েছে বলে বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। বরং শেখ হাসিনার প্রত্যর্পণকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক বজায় রাখতে চায়।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে বিষয়টিকে আইনি বিষয় বলেছি, সেটি ছিল প্রত্যর্পণের প্রসঙ্গ। প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এটি মোকাবিলা করা হবে।’

এদিন সাংবাদিকেরা বিবিসি বাংলার প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে জয়সওয়ালের কাছে জানতে চান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশকে সামরিক উড়োজাহাজ পাঠানোর শর্ত দিয়েছে কিনা ভারত। পাশাপাশি তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে বিচারের নিশ্চয়তাও চাওয়া হয়েছে কিনা।

এসব প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ভারতের দুটি শর্তের আভাস

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে দুটি প্রধান শর্তের আভাস দিয়েছে নয়াদিল্লি।

প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ ব্যবহারের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজেই তিনি ভারতে পৌঁছেছিলেন।

দ্বিতীয়ত, বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন এবং ২০২৪ সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের মুখোমুখি হতে পারবেন।