গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা। থানার আঙিনা, সিআইডি’র প্রধান কার্যালয়ের সামনে সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের পাশে ঘটানো হয়েছে একের পর এক ককটেল বিস্ফোরণ। পার্কিং করা বাস সহ চলন্ত বাস থামিয়ে দেয়া হচ্ছে আগুন। এসব ঘটনার নেপথ্যে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। এ উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজধানীতে জড়ো করার তথ্যও পাওয়া যাচ্ছে। ককটেল মারতে গিয়ে বেশ কয়েকজন হাতেনাতে আটক হয়েছে। যাদের বেশির ভাগ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের নেতাকর্মী। এরই মধ্যে দলটি আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির ডাক দিয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, ডিসেম্বরকে সামনে রেখে নভেম্বর জুড়েই নাশকতার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। দলটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং নিজেদের সাংগঠনিক অবস্থানের জানান দেয়ার চেষ্টা করছে। পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। এসব ঘটনায় মোটরসাইকেলকে অন্যতম বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে। নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে হেলমেট পরে এসে দ্রুত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করছে দুর্বৃত্তরা। অনেক ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা স্থান বেছে নেয়া হচ্ছে। এমনকি ফ্লাইওভারের ওপর থেকেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে।
সূত্রের দাবি, নাশকতার ধারণ করা ভিডিও পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপসহ নির্দেশদাতাদের কাছে। এরপরেই মিলছে অর্থ। নাশকতার এসব ঘটনার পরিকল্পনা হচ্ছে বিদেশ থেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা নির্দেশনা দিচ্ছেন। দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা তা বাস্তবায়ন করছেন। অনেক ক্ষেত্রে মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন অন্য হাত দিয়ে বিস্ফোরণের ভিডিও ধারণ করছেন। সংশ্লিষ্টরা বলছেন, আগে থেকেই ককটেল নিক্ষেপকারীরা ছক কষে, কে কোথায় কোথায় কী করবে। রেকি করে বাস শনাক্তের পরে তারা খবর পৌঁছে দেয় অন্য পক্ষের কাছে। এরপর ওই পক্ষ গিয়ে সেই বাসে আগুন দেয়।
গত ১০ই জুলাই বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদেরও ফেরার পরিকল্পনার কথা ওই সাক্ষাৎকারে উঠে আসে। তবে ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এই ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেশে ফেরাকে ঘিরে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতার খবর প্রকাশিত হয়েছে। ৮ই নভেম্বরের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন থানা, সিআইডি কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই স্মৃতিসংক্রান্ত স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সড়কের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ই নভেম্বর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। গত ১০ই নভেম্বর মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপি’র উত্তরা বিভাগে অন্তত ৬টি ও গুলশান বিভাগে ৫টি মামলা হয়েছে।
অপরদিকে, ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর মধ্যে শনিবার সারা দেশে ৮ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচারণা ও গণসংযোগ, আগামীকাল রোববার গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, সোমবার জেলা প্রশাসকের কার্যালয় এবং কেন্দ্রীয়ভাবে ঢাকাস্থ বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি। এ ছাড়াও দলটির প্রবাসী শাখাগুলো বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে স্মারকলিপি প্রদান করবে। মঙ্গলবার ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের প্রতিবাদ এবং রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে ‘কালো দিবস’ পালন করবে। এদিন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কালোব্যাজ ধারণ করবে। এ ছাড়াও দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তবে ১৯শে নভেম্বর আওয়ামী লীগ সারা দেশে সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
গ্রেপ্তারকৃত অধিকাংশই ঢাকার বাইরের
রাজধানীতে গত ৭ই নভেম্বর থেকে শুরু হওয়া নাশকতার ঘটনায় বেশ কয়েকজন হাতেনাতে আটক হয়েছেন। যার অধিকাংশই ঢাকার বাইরের। এর মধ্যে ৮ই নভেম্বর সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। আটক করে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলো- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে। ওইদিন দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, জসিম নামে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাকে ককটেল বিস্ফোরণে বাধ্য করেন। জসিম সম্পর্কে আশরাফুলের দাবি, তিনি মিরপুরের ৭ নম্বর এলাকায় থাকেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে দেখা গেছে।
৯ই নভেম্বর সকাল ৭টায় রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে শ্রাবণের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। আর রবিন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাবি ক্যাম্পাসে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেন শিক্ষার্থীরা। তারা হলো- আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দীপু (২৭)। জোবায়ের ওরফে জামিলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মায়ের নাম জাহানারা খাতুন। অন্যদিকে, দীপুর বাড়ি বাগেরহাট জেলায়। তার বাবা জাহিদ হোসেন ও মা সাবিনা আহম্মেদ। তিনি রাজধানীর কলাবাগানের প্রথম লেন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এদিকে, একই রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করার সময় পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করে পুলিশ। মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামে অপর ব্যক্তি পালিয়ে যান। যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটককৃত সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনে বসবাস করেন। অন্যদিকে পালিয়ে যাওয়া পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি মানিকগঞ্জে বলে পুলিশকে জানায় সাইফুল।
১০ই নভেম্বর দুপুর ১২টার পর ঢাবিতে নাশকতার পরিকল্পনার সময় দেশীয় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তুসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্দেহভাজন এক কর্মীকে আটক করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কর্তৃপক্ষ জানায়, আটককৃত ব্যক্তির বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন।
এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সামপ্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। তিনি বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন মানবজমিনকে বলেন, রাজধানী জুড়ে নাশকতার ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসব ঘটনায় কারা ইন্ধন দিচ্ছে, কোথা থেকে টাকা আসছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। সেগুলো নিয়ে আমরা কাজ করছি।
