উচ্চ মূল্যস্ফীতি, ঊর্ধ্বমুখী ডলারের বাজার ও বাড়তি আমদানি ব্যয়ে গভীর চাপে দেশের সামষ্টিক অর্থনীতি। এতে দেশের শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি কমছে। আবার জ্বালানি ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বাড়ছে মূল্যস্ফীতির চাপ। ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতায় দুর্বল হচ্ছে বৈদেশিক মুদ্রাবাজারও। ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তা।
অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মূলত এসব কারণে অর্থনীতির মূল চালিকাশক্তিগুলো বর্তমানে বিপর্যস্ত। এর থেকে উত্তরণে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতকরণ, রাজস্ব আয় বাড়ানো, জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার পাশাপাশি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি মনে করেন তারা।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গত ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ ৯.৮৯ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম থাকায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ক্রমাগত কমছে। বিশ্বব্যাংকের মূল্যায়নে দেখা গেছে, এই অর্থনৈতিক চাপের ফলে চলতি অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আমদানিনির্ভর বাজারে ডলারের মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সামগ্রিক পণ্য ও সেবার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির চাপও দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে গড় সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৩০ শতাংশ। সর্বশেষ অক্টোবরে তা সামান্য কমে ৮.২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮.৩৪ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬.৪০ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশে পৌঁছেছে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ। খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও জ্বালানি, পরিবহন, বাসাভাড়া ও বিভিন্ন সেবার ব্যয় বেড়েই চলেছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৬৩ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে মানুষের আয় বাড়লেও ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। কমছে প্রকৃত ক্রয়ক্ষমতা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, দেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমছে না। বর্তমানে দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। এর মধ্যে ১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। এ ছাড়া প্রায় ২ কোটি মানুষ এমন অবস্থায় রয়েছেন, যারা দুইদিন কাজ না করলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাবেন।
দেবপ্রিয় বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এসব বৈষম্য দূর করতে হবে। দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে প্রতি তিনজনের একজন বেকার।
এদিকে অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রাবাজারে। জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের বাড়তি চাহিদা এবং আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতায় ডলারের দাম ঊর্ধ্বমুখী। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় সংগ্রহে প্রতি ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়েছে। কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এক্সচেঞ্জ হাউজ থেকে ১২৫ টাকা ১০ থেকে ১৫ পয়সা দরে ডলার কিনেছে। আমদানির ঋণপত্রের দায় পরিশোধে ডলারের দর ছিল ১২৪ টাকা ৯০ পয়সা থেকে ১২৪ টাকা ৯৭ পয়সা। তিন মাসের ব্যবধানে ডলারের দাম বেড়েছে দুই টাকা ৩০ পয়সার বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য আমদানিতে ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময় এলসি নিষ্পত্তি হয়েছে দুই হাজার ৪৮৬ কোটি ডলারের, যা আগের বছরের তুলনায় ১১.৩৮ শতাংশ বেশি।
অন্যদিকে একই সময়ে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ডলার। ফলে এলসি নিষ্পত্তির হিসাব অনুযায়ী বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮২ কোটি ডলার। প্রকৃত আমদানি হিসাব চূড়ান্ত হলে এ ঘাটতি আরও বাড়তে পারে। ওদিকে রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও ডলারের বাজারে চাপ কমছে না। চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ১ হাজার ১৪৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২.৯৭ শতাংশ বেশি। এরপরও আমদানি ব্যয় বৃদ্ধি ও জ্বালানি খাতের চাহিদার কারণে ডলারের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে। দীর্ঘ বিরতির পর কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রির তথ্যও রয়েছে। তবে এতে বাজারে ডলারের দরের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি ডলারের বাজারেও চাপ তৈরি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, সামষ্টিক অর্থনীতির সূচকগুলো নিম্নমুখী। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও এখনো বিনিয়োগের সেই পরিবেশ তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না।
সার্বিক বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অর্থনীতি মন্দাবস্থার মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি আবারো বাড়ছে এবং ৯ শতাংশের উপরে উঠে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে যে ধরনের নীতিগত সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন ছিল, তা করা সম্ভব হয়নি। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংক খাতে খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব আহরণ এবং বিনিয়োগ মন্দা অর্থনীতিকে চাপে রেখেছে। সংকট সম্পর্কে সবাই অবগত এবং সমাধানের পথও জানা আছে। কিন্তু কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপের অভাব রয়েছে।
