সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গতকাল বিকালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওঅ্যান্ডএম) তোজাম্মেল হক এ তথ্য জানান। এদিকে, আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল থেকেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন কমিটির সদস্যরা। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আলামত পায়নি পল্লী বিদ্যুৎ: এজিএম তোজাম্মেল হক বলেন, আমাদের পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। ঘটনার সময় লাইন অক্ষত ছিল। আমাদের অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। পরে দু’জন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায়, সেগুলো অক্ষত ছিল। তিনি বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন বা আলামত পাওয়া যায়নি। বাড়ির মেইন সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে।
মামলা: মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ছাত্রলীগের জেলা সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, উপজেলা সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, যুবলীগের জেলা শাখার সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুর অর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এজাহারে নুসরাত তাবাসসুম উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। তারা বিভিন্ন সময় ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে তার বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র, প্রয়োজনীয় যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে। গোয়ালে থাকা ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এতে তার আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৪ সদস্যের তদন্ত কমিটি: এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার রাতে গঠিত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন কমিটির সদস্যরা। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর পরিদর্শন করেন। এ সময় তারা আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন এবং আলামত সংগ্রহ করেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটি প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। সে লক্ষ্যে কাজ করছেন কমিটি।
ঘটনাস্থল পরিদর্শনে বিরোধী দলের সংসদ সদস্যরা: তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বিকাল ৪টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। আব্দুল গফুর বলেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনের পরও দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের বক্তব্য তদন্ত কমিটির ওপর চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না; সেখানে মানুষের বসবাসের সব ধরনের আলামত রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
