জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, জনগণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রত্যাশা করে। কিন্তু দুঃখজনকভাবে পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির অবসানের পরিবর্তে চাঁদাবাজি, দখলদারত্ব ও দুর্নীতির নতুন সংস্করণ দেখা যাচ্ছে। এভাবে রাষ্ট্র ও রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। গণতান্ত্রিক সংস্কার, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, একজন রুকনকে জ্ঞান, আমল ও চরিত্রে অনন্য হতে হবে। ইসলামের মৌলিক বিষয়ে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে আত্মশুদ্ধি ও উন্নত নৈতিক চরিত্র অর্জন করতে হবে। অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নিজেদের আগে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। উত্তম আচরণ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে।
তিনি আরও বলেন, রুকন পদ কোনো সামাজিক মর্যাদা বা পদবি নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নেয়া এক মহান দায়িত্ব ও শপথ। প্রতিকূলতা ও ত্যাগ-কুরবানির মধ্যেও দ্বীনের দায়িত্ব পালনে অবিচল থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠন, সমাজ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। মৌলভীবাজারের প্রতিটি জনপদ ও গ্রামে ইসলামের আদর্শ, ন্যায়বিচার ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এ জেলাকে ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষা শিবিরে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় ত্যাগ ও কুরবানির বিকল্প নেই। দুনিয়ার সাময়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে আখেরাতের সফলতার লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।
শিক্ষা শিবিরে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত মৌলভীবাজার জেলা আমীর হিসেবে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী শপথ গ্রহণ করেন। শপথ পরিচালনা করেন প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
