ইরানে নতুন হামলার ছক? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান

ইরানে নতুন হামলার ছক? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
মোসাদের পরিচালক রোমান গোফম্যান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজনদের একজন। ওয়াশিংটন সফরে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন বলে সূত্রগুলো জানিয়েছে। এ ছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করতে তার মিয়ামি যাওয়ার কথা রয়েছে।

তবে এ বিষয়ে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এ মুহূর্তে নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি।
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। তবে তিনি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে ইসরাইলের বিরোধী নেতারা আশঙ্কা করছেন, আইজেনকটের সরকার গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন। অথবা এমন পরিস্থিতি তৈরি করতে পারেন, যাতে ইরান ইসরাইলের ওপর পাল্টা হামলা চালায়। সংশ্লিষ্ট সূত্রগুলো এমন আশঙ্কার কথা জানিয়েছে।
আইজেনকট সরকার গঠন করতে পারলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। এ কারণে ইরানকে ঘিরে নতুন সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে বিরোধী শিবিরের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে দুই ঘণ্টার বৈঠক হয়েছে। সেখানে নেতানিয়াহু তাকে ইরানের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তবে আইজেনকটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই।