বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ই-মেইল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পণ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা।
মাইক্রোসফট জানিয়েছে, এ বিপর্যয়ের পেছনে কোনো সাইবার নিরাপত্তা হামলার ঘটনা নেই। তবে সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নেয়া হলেও এখন পর্যন্ত সেগুলো প্রত্যাশিত ফল দেয়নি।
কী ঘটেছে?
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা, যার মধ্যে টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট রয়েছে, সেগুলোতে ‘সংযোগজনিত সমস্যা’ দেখা দিয়েছে।
ব্যবহারকারীরা বিভিন্ন মাত্রায় সেবা বিঘ্নের কথা জানিয়েছেন। অনেকেই ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ নির্দিষ্ট ফাইল দেখতে কিংবা ক্যালেন্ডার অ্যাপের তথ্য ব্যবহারে সমস্যায় পড়েছেন।
তবে সব ব্যবহারকারীর ক্ষেত্রে পরিস্থিতি এক নয়। কিছু ব্যবহারকারী টিমস ব্যবহার করতে পারছেন। তাদের ক্ষেত্রে বার্তা আদান-প্রদান এবং অনলাইন বৈঠকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
কত ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত?
মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটিরও বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। তবে এ বিপর্যয়ে মোট কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
বিভিন্ন অনলাইন সেবার ত্রুটি শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশ থেকে আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন ১ লাখ ৪০ হাজার মানুষ।
তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ ডাউনডিটেক্টর মূলত ব্যবহারকারীদের নিজেদের সমস্যার কথা জানানোর ওপর নির্ভর করে।
বিশ্বজুড়ে অসংখ্য প্রতিষ্ঠান মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করে। ফলে এ বিপর্যয়ের প্রভাব অন্যান্য সেবার ওপরও পড়ছে।
এআই প্রযুক্তির বড় দুই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকও এ বিপর্যয়ের কারণে সমস্যার কথা জানিয়েছে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই বলেছে, মাইক্রোসফটের বিভিন্ন সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না। বিষয়টি তদন্ত করছে প্রতিষ্ঠানটি।
সিঙ্গাপুর সরকার এবং অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সরকারি সংস্থা ও সেবাও এ বিপর্যয়ে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে।
বৃটেনজুড়ে জিপি (সাধারণ চিকিৎসক) চেম্বার, ফার্মেসি, পুলিশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানও এ সমস্যার মুখে পড়েছে। কিছু জিপি চেম্বার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রোগীদের ওয়েবসাইটের মাধ্যমে বার্তা পাঠাতে নিষেধ করেছে। আবার কয়েকটি বড় পুলিশ বাহিনী কোনো অভিযোগ জানাতে চাইলে সাধারণ মানুষকে ফোন করার পরামর্শ দিয়েছে।
কী বলছে মাইক্রোসফট?
মাইক্রোসফট সাইবার হামলার সম্ভাবনা নাকচ করে দিয়ে জানিয়েছে, তাদের অবকাঠামোর ওপর ‘অস্বাভাবিক মাত্রায় চাপ’ তৈরি হওয়ায় এ বিপর্যয় ঘটেছে।
সাধারণত সার্ভারগুলো যখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চাপের মধ্যে কাজ করে, তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।
মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, বিপর্যয়ের সময় বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। ফলে অবশিষ্ট সার্ভারগুলোর ওপর অতিরিক্ত ট্রাফিকের চাপ তৈরি হয়। এতে সেগুলোও চাপে পড়ে এবং সেবা বিঘ্নিত হতে থাকে।
শুক্রবার সকালে মাইক্রোসফট জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে সেবার সক্ষমতা এখনো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সমস্যা সমাধানে নেয়া পদক্ষেপগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।
বিশেষজ্ঞরা কী বলছেন?
অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেছেন, এ বিপর্যয়ের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।
তিনি বলেন, ইন্টারনেটের মূল অবকাঠামোর একটি বিশাল অংশজুড়ে রয়েছে মাইক্রোসফট। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ইমেইল এখনো কতটা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ বিপর্যয় শুধু মানুষের কাজ করার সক্ষমতাকেই ব্যাহত করছে না। চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের বিষয়ে যোগাযোগ, প্রয়োজনীয় পণ্য কেনা, পরিচয় যাচাই করে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করা কিংবা বিদ্যমান সেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।
নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গরিলা টেকনোলজির পল স্পেন বলেন, ইমেইল ও বিভিন্ন সেবা বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান কার্যত একটি কর্মদিবস হারিয়েছে।
তার মতে, এ পরিস্থিতি ব্যবহারকারীদের জন্য হতাশাজনক।
