এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই ক্রেস

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই ক্রেস

ফন্ট সাইজ:

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোলেট ক্রেস। এতদিন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করা ৫৯ বছর বয়সী এই নারী এখন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি খোঁজার আগ পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেবেন।
প্রায় তিন দশক ধরে এনভিডিয়ার নেতৃত্বে থাকা হুয়াংয়ের সরে দাঁড়ানোর পর ক্রেসের হাতে দায়িত্ব তুলে দিয়েছে কোম্পানিটি। তবে তার এই নিয়োগ কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, বরং এনভিডিয়ার ব্যবসায়িক কৌশলে নতুন ভারসাম্য আনার ইঙ্গিতও দিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার বিপুল বিনিয়োগ এবং ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে হুয়াংয়ের উচ্চাভিলাষী পরিকল্পনায় আর্থিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতেন ক্রেস। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল।
এনভিডিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে ক্রেসকে গুরুত্বপূর্ণ ‘ভারসাম্য রক্ষাকারী’ হিসেবে বিবেচনা করা হতো। হুয়াং যখন বড় ধরনের ব্যবসায়িক সম্প্রসারণের পরিকল্পনা করতেন, তখন ক্রেস সম্ভাব্য আর্থিক ঝুঁকি ও বিনিয়োগের বাস্তবতা সামনে আনতেন।

হুয়াংয়ের উচ্চাভিলাষ বনাম ক্রেসের আর্থিক সতর্কতা
জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এআই চিপের বাজারে একচ্ছত্র প্রভাবশালী অবস্থানে উঠে আসে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এআই অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ এবং বিভিন্ন এআই কোম্পানির সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
এনভিডিয়ার বিনিয়োগের তালিকায় ছিল ওপেনএআই ও ল্যামডার মতো এআই প্রতিষ্ঠান। এসব চুক্তির মাধ্যমে এআই খাতের বিভিন্ন কোম্পানির মধ্যে অর্থের এক ধরনের ‘বৃত্তাকার প্রবাহ’ তৈরি হচ্ছে বলে সমালোচনা করে আসছিলেন বিনিয়োগকারীদের একাংশ।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে বলেন, বড় অঙ্কের ও ঝুঁকিপূর্ণ অর্থায়ন চুক্তি নিয়ে ক্রেসের দল, হুয়াং এবং এনভিডিয়ার বিক্রয় বিভাগের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা।

প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি ডলারের সহায়তার পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়।
এ বিষয়ে জানেন এমন আরেক ব্যক্তি বলেন, নিজের গ্রাহকদের পেছনে হুয়াংয়ের মতো আগ্রাসীভাবে বিনিয়োগ করার মানসিকতা অন্য কারও মধ্যে দেখা যায় না। স্টার্টআপ কোম্পানিগুলোকে অর্থায়নের ক্ষেত্রেও এনভিডিয়াকে উৎসাহিত করেছিলেন হুয়াং।

বাস্তববাদী ও স্থির নেতৃত্বের প্রতীক
এনভিডিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা ক্রেসকে হুয়াংয়ের তুলনায় অনেক বেশি শান্ত, স্থির ও বাস্তববাদী হিসেবে বর্ণনা করেছেন।
২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেয়ার আগে প্রযুক্তি খাতের একাধিক বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। তার কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো কোম্পানি।
ক্রেস সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “কোলেট একজন বাস্তববাদী মানুষ। তার শান্ত ও স্থির নেতৃত্ব বাজারে আস্থা ধরে রাখতে এবং কোম্পানিকে স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।”
এনভিডিয়ার অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করতে আয়োজিত কয়েকটি আলোচনায় অংশ নিয়েছেন ক্রেস।
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তার নেতৃত্বে এনভিডিয়ার কৌশলে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুয়াংয়ের সময়ে চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন সরকারের সঙ্গে যে বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয়েছিল, তা থেকে সরে আসার সম্ভাবনাও রয়েছে।
তবে ক্রেসের অন্তর্বর্তীকালীন নিয়োগে বাজারে সাময়িক স্বস্তি এলেও দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার প্রযুক্তিগত অগ্রযাত্রা ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের অনেকের ধারণা, একজন অর্থ কর্মকর্তা হিসেবে ক্রেসের পক্ষে হুয়াংয়ের মতো প্রযুক্তিগত দূরদর্শিতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা বজায় রাখা কঠিন হতে পারে।
মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগ বলেন, বাজারকে শান্ত রাখতে ক্রেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া যুক্তিসংগত। তবে এনভিডিয়ার বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে যে দীর্ঘমেয়াদি দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, ক্রেসকে তিনি তেমন ব্যক্তি মনে করেন না।
হুয়াংয়ের সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ কমে যায়। প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর অবশ্য দরপতনের মাত্রা কিছুটা কমে আসে।

স্থায়ী সিইও হওয়ার দৌড়ে কারা
এনভিডিয়ার স্থায়ী সিইও হিসেবে শেষ পর্যন্ত ক্রেসই নির্বাচিত হবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্থায়ী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাকের নামও রয়েছে। এনভিডিয়ার চিপে এআই প্রযুক্তির ব্যবহার এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কোম্পানির বহুল ব্যবহৃত সফটওয়্যার প্ল্যাটফর্ম সিইউডিএ উন্নয়নেও নেতৃত্ব দিয়েছেন বাক। এ ছাড়া এনভিডিয়ার স্থায়ী সিইও পদে আলোচনায় রয়েছেন এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং আর্মের প্রধান নির্বাহী রেনে হাস।

হুয়াংয়ের কর্মকাণ্ড সম্পর্কে কতটা জানতেন ক্রেস
এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তনের পর হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং কোম্পানির চিপ বিক্রির বিষয়ে ক্রেস কতটা অবগত ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
হুয়াংয়ের সঙ্গে এক ব্যবসায়ী নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। ওই নারী অ্যালিস হুয়াংকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করছেন মার্কিন গোয়েন্দারা। তবে চীন এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। মন্তব্যের জন্য রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
বিষয়টি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তি রয়টার্সকে বলেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি ক্রেস জানতেন। পাওয়েল হুয়াংয়ের অধীনেই কাজ করতেন।
এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়া ও পাওয়েলের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যস্থতাকারীদের মাধ্যমে এনভিডিয়ার চিপ বিক্রির বিষয়টি যথাযথভাবে তদারক করা হয়েছিল কিনা, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্রেসকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং।

দুই ছেলের উৎসাহে এনভিডিয়ায় যোগ
কোলেট ক্রেসের এনভিডিয়ায় যোগ দেয়ার পেছনে তার দুই ছেলেরও ভূমিকা ছিল। ২০১৩ সালে কোম্পানিটিতে যোগ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি।
২০২৩ সালে ইসরাইলের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্রেস বলেন, তখন তার দুই ছেলে বেশ ছোট ছিল। ভিডিও গেম খেলার সুবাদে তারা এনভিডিয়ার চিপ সম্পর্কে জানত। তারাই তাকে কোম্পানিটিতে যোগ দিতে উৎসাহিত করে।

অর্থনীতিতে স্নাতক ডিগ্রির পাশাপাশি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি রয়েছে ক্রেসের। এনভিডিয়ার শেয়ারের মূল্য বৃদ্ধির সুবাদে ২০২৫ সালে বিলিয়নেয়ারের তালিকায় জায়গা করে নেন তিনি।
ফোর্বসের হিসাবে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ক্রেসের সম্পদের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে নিজ যোগ্যতায় ধনী হওয়া নারীদের তালিকায় তার অবস্থান ছিল ৩২তম।
ব্যবসা খাতের প্রভাবশালী নারীদের তালিকাতেও উঠে এসেছে তার নাম। সাম্প্রতিক বছরগুলোতে ফরচুন ও ফোর্বস সাময়িকীর প্রকাশিত বিশ্বের ৫০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন এনভিডিয়ার এই অর্থ কর্মকর্তা।