চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনবন্ধু দুই মাদ্রাসা শিক্ষার্থীসহ ৯ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার নোয়খালীর সুবর্ণচর, পঞ্চগড়ের বোদা, হবিগঞ্জের মাধবপুর এবং নীলফামারীর সৈয়দপুরে এসব দুর্ঘটনা ঘটে। সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু এবং বোদায় একইভাবে মাদ্রাসার দুই শিক্ষার্থী মারা যায়।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রসহ তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চর জব্বর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুবর্ণচর উপজেলার হাজীগ্রামের কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭), আদর্শগ্রাম বেড়িবাঁধ এলাকার মো. আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং ২৪ দাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)। নিহত করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিনই সে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানা গেছে।
অন্যদিকে, শাহাদাত স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। করিমের পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি নির্বাচনী পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুরের আলেকজান্ডার এলাকায় ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা— দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক ছাত্র। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বোদা উপজেলার বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। এছাড়া অপর আহত যুবক সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেলযোগে বাসার দিকে যাচ্ছিলেন তিনজন। এ সময় তারা সাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সাথে ধাক্কা খান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, তিন ছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। এর মধ্যে দুইজন মারা গেছেন।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ডাকবাহী মেইল গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত জসিম ও কালামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। মজনু ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তবে তার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়েকে বাড়ি নিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা একই বিদ্যালয়ের শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে ওয়াপদা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল। পথিমধ্যে ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়। আহত হয় মেয়ে।
