কালীগঞ্জে পাঠাভ্যাস কর্মসূচি

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ‘ক’ শাখায় ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী এবং ‘খ, গ, ঘ’ শাখায় ৩৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘ক’ শাখায় লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যুগ্মভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ্ রাফিন যুগ্মভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান লাভ করে। ‘খ’ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতানা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যুগ্মভাবে তৃতীয়, ‘গ’ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যুগ্মভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয়, ‘ঘ’ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় ও তাসমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান লাভ করেন। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে বই ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।