মিথ্যা ঘোষণায় আমদানি

সিগারেট তৈরির মেশিন আটক

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্যাকিং ও র‌্যাপিং মেশিনের আড়ালে আনা চালানটি পরীক্ষা করে সিগারেট তৈরির একটি পূর্ণাঙ্গ প্লান্টের সন্ধান পেয়েছেন কর্মকর্তারা। একইসঙ্গে চালানটির প্রকৃত মূল্যের তুলনায় প্রায় ২৫ গুণ কম মূল্য ঘোষণা দেয়ার তথ্যও পাওয়া গেছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়। বৃহস্পতিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে যন্ত্রপাতিগুলো আমদানি করে। কাস্টমসে দাখিল করা ঘোষণায় ছয়টি প্যাকেজে প্যাকিং ও র‌্যাপিং মেশিন আনার কথা উল্লেখ করা হয়েছিল।

তবে পরীক্ষায় চালানটিতে সাত ধরনের যন্ত্রপাতি শনাক্ত হয়। এগুলোর মধ্যে রয়েছে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, প্যাকার, ফিডার, গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‌্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‌্যাপার বা সেলোফেন ওভারর‌্যাপার। এসব যন্ত্রের সমন্বয়ে সিগারেট উৎপাদন থেকে শুরু করে প্যাকেটজাত করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
সিআইআইডি’র তথ্যমতে, চালানটির ইনভয়েসে মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অথচ প্রাথমিক মূল্যায়নে এর আনুমানিক বাজারমূল্য পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। অর্থাৎ প্রকৃত আনুমানিক মূল্যের তুলনায় প্রায় ২৫ গুণ কম মূল্য ঘোষণা করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ। অন্যদিকে, বাংলাদেশে প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারী এ ধরনের সিগারেট তৈরির যন্ত্রপাতি আমদানির সুযোগ পায়। কাস্টমস গোয়েন্দাদের মতে, মিথ্যা ঘোষণা দিয়ে এ ধরনের যন্ত্রপাতি আমদানি করা হলে একদিকে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এ ঘটনায় বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সিআইআইডি। তদন্তে আমদানি ঘোষণার সঙ্গে প্রকৃত পণ্যের সামঞ্জস্য, যন্ত্রপাতির সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ককর এবং এসব যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার খতিয়ে দেখা হবে।