গাজীপুরে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

গাজীপুরে ব্যবসায়িক বিরোধ ও ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বিভিন্ন মাধ্যমে নানা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বোর্ড বাজারে স্থানীয় একটি রেস্তরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন, বাংলাদেশ রেস্তরাঁ মালিক সমিতির জেলা আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ বছর বোর্ড বাজারে রেস্তরাঁ ব্যবসা করছেন তিনি। কিন্তু ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিস্বার্থে ব্যবসায়ী রেজানুর রহমান একটি চক্র বিভিন্নভাবে তাকে হয়রানি করছে। হয়রানি ও সম্মান নষ্টের জন্য গত দুই মাসে তাকে ও তার ব্যবসা প্রতিষ্ঠান জড়িয়ে অপপ্রচার এবং বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলে তারা সমঝোতার কথা বলে ডেকে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি আরও বলেন, অভিযুক্তদের অপতৎপরতার কারণে ন্যায়বিচার চেয়ে তিনি গত ১০ই আগস্ট ঢাকা মহানগর আদালতে ও ৭ই অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি নূর এলাহী শাহাদাত ভূঁইয়া, ব্যবসায়ী নেতা বিল্লাল হোসেন, রিপন আহমেদ, আলী হোসেন, তামিম আহমেদ, কবির হোসেন, মো. ইফতি, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।