চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জন আসামি গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
