গ্রেপ্তারের পর অসুস্থ, হাসপাতালে ব্যবসায়ীর মৃত্যু

ফন্ট সাইজ:

জামালপুরে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শহীদুল্লাহ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি এনআই অ্যাক্টের একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন। বুধবার রাতে জামালপুর সদর থানা-পুলিশ উপজেলার জয়রামপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে শহীদুল্লাহকে গ্রেপ্তার করে।

পরে থানায় নেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শহীদুল্লাহ জামালপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে শহীদুল্লাহ দীর্ঘদিন পলাতক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শহীদুল্লাহ আগে থেকেই অসুস্থ ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।