ময়মনসিংহের ত্রিশালেই বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। একইসঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করেছে। প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। বিএনপি সরকার গঠন করলে জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। কিছুদিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিমানমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। তিনি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। এ সময় তিনি ত্রিশালসহ দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। ত্রিশালকে ইতিমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের হাত ধরেই আধুনিক ত্রিশালের উন্নয়ন এগিয়ে যাবে। কপালে থাকলে তিনিও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে আর ফিরে আসবে না। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করে যান। ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
