তুরস্কের বিশ্বমঞ্চে উড়বে চুয়েটের ড্রোন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ এবার জায়গা করে নিতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। তুরস্কে অনুষ্ঠেয় বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টির গবেষক দল ‘টিম স্টারাপ্টর’। তাদের গবেষণা ও ড্রোন তৈরির কাজে উৎসাহ জোগাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীদের এই উদ্যোগকে দেশের প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির কোনো সীমা নেই। প্রযুক্তিতে দেশের যে ঘাটতি রয়েছে, তরুণ প্রজন্মের দক্ষতা ও সৃজনশীলতা তা পূরণ করতে পারে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে বিশ্ব প্রযুক্তির অঙ্গনে শক্ত অবস্থানে নিয়ে যাবে।
আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির কাজ করছে চুয়েটের দলটি। গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা করতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চুয়েটের শিক্ষার্থীরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিকভাবেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার। প্রতিযোগিতায় ভালো ফল অর্জনের পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, কৃষি উৎপাদন বাড়ানো, জরুরি সেবা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিশ্ব জুড়ে ড্রোনের ব্যবহার বাড়ছে। তবে সামরিক ও ধ্বংসাত্মক কাজেও এর ব্যবহার দেখা যাচ্ছে। তাই প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রযুক্তি মানুষের উপকারী সেবক হতে পারে, আবার নিয়ন্ত্রণহীন ব্যবহারে বিপদের কারণও হয়ে উঠতে পারে। সঠিক ব্যবহারের মাধ্যমে এর সুফল নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, ড্রোনটির গবেষণা ও নির্মাণকাজ শেষ করতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভবিষ্যতে আরও আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজন হতে পারে। প্রকল্পটির সক্ষমতা প্রমাণিত হলে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরার উদ্যোগ নেয়া হবে। তুরস্কে অবস্থানকালেও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন। তিনি জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ড্রোনটি তৈরির কাজ করছেন। তাদের উদ্ভাবিত ড্রোনটির নাম ‘দ্য স্টারাপ্টর’। এটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন বলে দাবি দলটির।

ড্রোনটির বিশেষত্ব হলো, এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। আবার আকাশে ওঠার পর প্রচলিত উড়োজাহাজের মতো সামনের দিকে দ্রুতগতিতে চলতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের তথ্যমতে, ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। কার্বন ফাইবার ও বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণ দিয়ে এটি নির্মাণ করা হচ্ছে। এর পরিকল্পিত সর্বোচ্চ মালামাল বহনক্ষমতা ১৫ কেজি। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে উড়তে পারবে ড্রোনটি। এতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে পিক্সহক ৬সি ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি প্রযুক্তি। এসব ব্যবস্থার সমন্বয়ে ড্রোনটি দূরনিয়ন্ত্রণ ছাড়াই সফটওয়্যারের নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে, মালামাল সরবরাহ করতে এবং স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসতে পারবে বলে জানিয়েছেন উদ্ভাবক দলের সদস্যরা।

দলনেতা রাশিদ আবরার আজমাইন বলেন, তাদের মূল লক্ষ্য এমন একটি ড্রোন তৈরি করা, যা নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মিশন সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে কৃষি, চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য পরিবহনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের পরিকল্পনা অনুযায়ী, দেশীয় প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোনটি তৈরি করা সম্ভব হলে এর ব্যবহার ছড়িয়ে দেয়া যাবে বিভিন্ন খাতে। বিশেষ করে দুর্গম এলাকায় জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, কৃষিকাজ এবং শহরাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনে এটি কার্যকর হতে পারে।

শুধু একটি ড্রোন তৈরি করেই থেমে থাকতে চান না চুয়েটের এই তরুণ উদ্ভাবকেরা। ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। জেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও ভবিষ্যতে পাশে থাকার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন দলনেতা রাশিদ আবরার আজমাইন।