গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে অভিযান, গ্রেপ্তার ৯

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৯ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাবেক এমপি এডভোকেট রঞ্জিত সরকারের সভা পরবর্তী ঘটনায় শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গোয়াইনঘাট থানা পুলিশের সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নি:) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলো— গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি শাহীন আহমদ (৪৪), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাফলং বস্তি ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আমির উদ্দিন (২৯), ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের যুবলীগের সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মোস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২), ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য লিটন সাঁওতাল (৪০)।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল জানিয়েছেন রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে আওয়ামী লীগের সাবেক এমপি’র উপস্থিতিতে বৈঠকের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।