​টেকনাফে ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বৃহস্পতিবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ই নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা ভিড়তে দেখেন বিজিবি’র একটি গোয়েন্দা দল। এ সময় নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবা ভর্তি বস্তা নামিয়ে কেওড়াবনে লুকিয়ে থাকে।

পরে বিজিবি’র স্পিডবোট টহল দল কেওড়াবনের দিকে এগিয়ে গেলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা বস্তা ফেলে দ্রুত মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, একইদিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপি’র আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক তরুণকে আটক করা হয়।

এ ছাড়া একইদিন রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।