সরাইলে ৪ ডাকাত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানার টহল পুলিশের একটি দল। গতকাল দিবাগত গভীর রাতে শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা, ছোরা, কাঁচি, কার্টার ও হেক্সু ব্লেডসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো— আশুগঞ্জের চরচারতলার মো. মামুন মিয়া (৩০), একই গ্রামের মো. স্বপন (২০), সরকার বাড়ির সিয়াম সরকার (২৮), সোনারামপুর গ্রামের নজরুল ইসলাম (২৫)। এদের মধ্যে সিয়ামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, আশুগঞ্জ থানা, সরাইল থানায় মাদক, মোট ৯টি মামলা চলমান রয়েছে। আর নজরুলের বিরুদ্ধে রয়েছে ৫টি মামলা। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, মাদক চুরি ও ডাকাতি প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।