নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের উপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ (৫৫)কে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী-বঙ্গবাজার সড়কের তাঁতিপাড়া ব্রিজের পশ্চিম পাশে একদল লোক জড়ো হয়।
এ সময় তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়ায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, গোপন সংবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর তৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে অভিযুক্তদের নাম-পরিচয় জানা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার পর প্রধান আসামি আব্দুর রশিদ (৫৫) ও নজরুল ইসলাম (৫০) নামে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
