উখিয়ায় দু’পক্ষের গোলাগুলির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বটতলী বাজার এলাকায় মাদকসংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দু’টি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া বটতলী এলাকার সড়কে দু’পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার আ ন ম সাজেদুর রহমান পিপিএমের নির্দেশনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আঞ্জুমানপাড়া এলাকার একটি মাছের ঘেরের পূর্বপাড় থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে মিজানুর রহমান মিজান (৩৭), সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরাফাত হোসাইন (২২) ও আবু তাহের (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটের দিকে আঞ্জুমানপাড়া পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে রাখা একটি বস্তা থেকে দু’টি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের হাতে এসব অস্ত্র ও গুলি বের করে দেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে সংশ্লিষ্ট ধারায় দু’টি পৃথক মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার চারজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।