বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা হলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সরকারি হাসপাতালের উপচে পড়া রোগী, শয্যার অভাব, চিকিৎসক ও নার্সের স্বল্পতা, দীর্ঘ অপেক্ষা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়া মানুষের চিত্র।
এসব সমস্যা বাস্তব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আরেকটি দিকও রয়েছে, যা আমরা প্রায়ই উপেক্ষা করি।
বাংলাদেশে একজন রোগী অনেক ক্ষেত্রেই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন, একই দিনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা গ্রহণের সুযোগ পান।
বিশ্বের অনেক উন্নত দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা গ্রহণের জন্য যে ধরনের রেফারেল, বীমা অনুমোদন কিংবা প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্য খাতে অনেক ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বহু চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ পরামর্শ, ডায়াগনস্টিক পরীক্ষা এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সরাসরি মূল্য উল্লেখযোগ্য ভাবে কম হতে পারে। কিন্তু এখানেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় বৈপরীত্য। চিকিৎসার মূল্য তুলনামূলক কম, অথচ সেই ব্যয়ের অধিকাংশই রোগীকে নিজের পকেট থেকে বহন করতে হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার মূল্য অত্যন্ত বেশি হলেও সরকারি কর্মসূচি ও বীমা অনেক রোগীর ব্যয়ের একটি অংশ বহন করে। যুক্তরাজ্যে যোগ্য বাসিন্দাদের জন্য এনএইচএস-এর অধিকাংশ চিকিৎসা সেবা গ্রহণের সময় সরাসরি অর্থ দিতে হয় না।
সুতরাং শুধু চিকিৎসার মূল্য তুলনা করলেই কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত চিত্র পাওয়া যায় না। বিবেচনা করতে হবে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ, অপেক্ষার সময়, রোগীর আর্থিক সুরক্ষা, চিকিৎসার মান, নিরাপত্তা এবং চিকিৎসার ফলাফল।
এই বাস্তবতায় আমাদের প্রশ্ন হওয়া উচিত—বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বিদ্যমান সুবিধাগুলো কাজে লাগিয়ে কীভাবে একটি সমন্বিত, সাশ্রয়ী, জবাবদিহি মূলক ও জনগণ কেন্দ্রিক জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায়?
বাংলাদেশে চিকিৎসা সেবা কেন অনেক ক্ষেত্রে সহজলভ্য?
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, রোগীরা অনেক ক্ষেত্রে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পান।
একজন রোগীর বুকে ব্যথা হলে তিনি সরাসরি হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। মাথাব্যথা বা স্নায়বিক সমস্যা হলে নিউরোলজিস্ট, পেটের সমস্যায় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কিংবা হাড় ও জয়েন্টের সমস্যায় অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় সাধারণত এর জন্য আগে অন্য কোনো চিকিৎসকের রেফারেল নেওয়া বাধ্যতামূলক নয়।
ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে অনেক ক্ষেত্রে একই হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ পরামর্শ, রক্ত পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান কিংবা এমআরআই করার সুযোগ রয়েছে। ফলে অনেক রোগী একই দিনে চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা এবং পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত পাওয়ার সুযোগ পান। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সুবিধা।
তবে এটাও মনে রাখতে হবে, এই সুযোগ দেশের সব অঞ্চলে সমান ভাবে বিস্তৃত নয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত ডায়াগনস্টিক সেবার বড় অংশ এখনো শহরকেন্দ্রিক। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে অনেক সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহর বা রাজধানীতে আসতে হয়। অর্থাৎ বাংলাদেশে চিকিৎসা সেবার সহজলভ্যতার একটি শক্তিশালী ভিত্তি থাকলেও এর সুষম বণ্টন নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি।
বাংলাদেশের চিকিৎসার ব্যয় তুলনামূলক কম কেন?
বাংলাদেশে বহু চিকিৎসা সেবার মূল্য যুক্তরাষ্ট্রের তুলনায় কম হওয়ার পেছনে কয়েকটি অর্থনৈতিক ও কাঠামোগত কারণ রয়েছে।
প্রথমত, বাংলাদেশের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীর বেতন ও পারিশ্রমিক সাধারণত যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। হাসপাতালের মোট পরিচালন ব্যয়ের একটি বড় অংশ জনবলের পেছনে ব্যয় হয়। ফলে জনবল বাবদ ব্যয় কম হলে অনেক চিকিৎসা সেবার মূল্যও তুলনামূলক কম রাখা সম্ভব হয়।
দ্বিতীয়ত, বাংলাদেশের অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক ব্যয়, অবকাঠামো ব্যয় এবং অন্যান্য স্থানীয় পরিচালন ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় কম।
তৃতীয়ত, বাংলাদেশে দেশীয় ওষুধ শিল্পের উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। অনেক জেনেরিক ওষুধ দেশে উৎপাদিত হওয়ায় আমদানি নির্ভরতা কমানো এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে।
চতুর্থত, দেশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে প্রতিযোগিতা রয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে রোগীদের সামনে একাধিক প্রতিষ্ঠান থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ থাকায় অনেক সেবার মূল্য নির্ধারণে প্রতিযোগিতা ভূমিকা রাখে।
তবে এসব সুবিধার পাশাপাশি চিকিৎসার ব্যয় বৃদ্ধির কারণও রয়েছে। আমদানিকৃত চিকিৎসা সরঞ্জাম, স্টেন্ট, পেসমেকার, উন্নত প্রযুক্তি, হাসপাতালের বিনিয়োগ, ওষুধ এবং জটিল চিকিৎসা পদ্ধতির ব্যয় রোগীর ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিকিৎসার খরচ কম হওয়ার অর্থ এই নয় যে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ন্যায্য পারিশ্রমিক কমিয়ে রাখতে হবে।
বাংলাদেশে চিকিৎসা সেবা সাশ্রয়ী রাখার পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের উপযুক্ত বেতন, পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। স্বাস্থ্য কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে দীর্ঘমেয়াদে মানসম্মত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা: প্রযুক্তির উৎকর্ষ, কিন্তু ব্যয়ের বিশাল চাপ
যুক্তরাষ্ট্র আধুনিক চিকিৎসা গবেষণা, উন্নত প্রযুক্তি, জটিল অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা এবং হৃদরোগের বিশেষায়িত চিকিৎসায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু উন্নত প্রযুক্তির পাশাপাশি দেশটির চিকিৎসা ব্যয়ও অত্যন্ত বেশি।
যুক্তরাষ্ট্রের সিএমএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মোট স্বাস্থ্য ব্যয় ছিল প্রায় ৫.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু বার্ষিক স্বাস্থ্য ব্যয় ছিল ১৫ হাজার ৪৭৪ ডলার, যা দেশটির মোট দেশজ উৎপাদনের ১৮ শতাংশ।
সিএমএস
এই বিপুল অর্থ শুধু রোগীর নিজের পকেট থেকে ব্যয় হয়নি। এর মধ্যে রয়েছে সরকারি কর্মসূচি, বেসরকারি স্বাস্থ্য বীমা, নিয়োগকর্তার অবদান এবং রোগীর নিজস্ব ব্যয়।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য বীমা চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বীমা থাকলেও অনেক রোগীকে ডিডাক্টিবল, কো-পেমেন্ট, কো-ইনস্যুরেন্স এবং নির্দিষ্ট নেটওয়ার্কের বাইরে চিকিৎসা গ্রহণের জন্য অতিরিক্ত অর্থ দিতে হয়।
অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া, নির্দিষ্ট পরীক্ষা করানো কিংবা পরিকল্পিত অস্ত্রোপচারের জন্য বীমা প্রতিষ্ঠানের পূর্বানুমোদন প্রয়োজন হতে পারে।
বাংলাদেশে বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় রোগীরা অনেক ক্ষেত্রে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং নির্ধারিত অর্থ প্রদান করে চিকিৎসা গ্রহণ করতে পারেন।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে—যুক্তরাষ্ট্রেও অনেক বীমা পরিকল্পনায় সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া যায়। তাই বাংলাদেশের সুবিধাকে বিশ্বের একমাত্র উদাহরণ হিসেবে উপস্থাপন করা সঠিক হবে না।
মূল পার্থক্য হলো, বাংলাদেশে অনেক চিকিৎসা সেবার সরাসরি মূল্য কম হলেও আর্থিক সুরক্ষা দুর্বল; যুক্তরাষ্ট্রে চিকিৎসার মূল্য বেশি হলেও বীমা ও সরকারি কর্মসূচি ব্যয়ের উল্লেখযোগ্য অংশ বহন করে। যুক্তরাজ্যের এনএইচএস: চিকিৎসার সময় অর্থ প্রদানের চাপ কম, তবে অপেক্ষার সমস্যা রয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস বিশ্বব্যাপী সরকারি অর্থায়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার একটি পরিচিত উদাহরণ।
এই ব্যবস্থায় যোগ্য বাসিন্দাদের জন্য অধিকাংশ এনএইচএস হাসপাতাল চিকিৎসা গ্রহণের সময় বিনামূল্যে প্রদান করা হয়। এর অর্থ এই নয় যে চিকিৎসার কোনো খরচ নেই; বরং চিকিৎসার অর্থায়ন মূলত জনগণের কর ও সরকারি তহবিল থেকে করা হয়।
যুক্তরাজ্যে সাধারণত একজন রোগী প্রথমে জেনারেল ফিজিশিয়ান বা জিপি-এর কাছে যান। জিপি রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান। জরুরি চিকিৎসার ক্ষেত্রে অবশ্য আলাদা ব্যবস্থা রয়েছে।
এই রেফারেল পদ্ধতির সুবিধা হলো, অপ্রয়োজনীয় পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ কমানো এবং রোগীকে উপযুক্ত চিকিৎসার দিকে পরিচালিত করা।
তবে পরিকল্পিত অস্ত্রোপচার এবং জরুরি নয় এমন কিছু বিশেষজ্ঞ চিকিৎসার ক্ষেত্রে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে। অন্যদিকে জরুরি ও জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য পৃথক অগ্রাধিকার ব্যবস্থা রয়েছে।
ওইসিডি-এর হেলথ এট এ গ্ল্যান্স ২০২৫ অনুযায়ী, যুক্তরাজ্যের মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ক্রয় ক্ষমতা সমন্বিত হিসাবে ৬ হাজার ৭৪৭ মার্কিন ডলার। দেশটির মোট স্বাস্থ্য ব্যয়ের ৮২ শতাংশ বাধ্যতামূলক প্রাক্-অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে বহন করা হয়।
বাংলাদেশে অনেক রোগী অপেক্ষাকৃত দ্রুত বেসরকারি বিশেষজ্ঞের কাছে যেতে পারলেও তাঁকে সরাসরি অর্থ প্রদান করতে হয়। যুক্তরাজ্যে এনএইচএস-এর আওতায় চিকিৎসার সময় রোগীর সরাসরি ব্যয় অনেক ক্ষেত্রে শূন্য, যদিও সেবা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।
এখানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।
চিকিৎসার বাজার মূল্য কম রাখা যেমন জরুরি, তেমনি রোগীকে চিকিৎসার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়াও সমান জরুরি।
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ইতিবাচক বৈশিষ্ট্য যেমন রয়েছে, তেমনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থায়ন এবং স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা থেকেও গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় সংকট: চিকিৎসার ব্যয় রোগীর নিজের পকেট থেকে
বিশ্বব্যাংকের ডব্লিউএইচও গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচার ডাটাবেজ অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৯.৩১ শতাংশ রোগীর নিজের পকেট থেকে বহন করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ১১ শতাংশ ছিল সরাসরি রোগীর নিজস্ব ব্যয়। মোট স্বাস্থ্য ব্যয়ে রোগীর নিজস্ব অর্থের অংশ বাংলাদেশ (২০২৩) -৭৯.৩১% , যুক্তরাষ্ট্র (২০২৪) - ১১%, উৎস: বিশ্বব্যাংক/ডব্লিউএইচও এবং সিএমএস। পরিসংখ্যান দুটি ভিন্ন বছরের; এগুলো মোট ব্যয়ের অর্থায়নের অংশ, চিকিৎসার একক মূল্য নয়।
এই তথ্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি মৌলিক দুর্বলতা প্রকাশ করে।
একজন রোগী যদি নিজের সঞ্চয় ভেঙে, জমি বিক্রি করে, ঋণ নিয়ে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে চিকিৎসা নিতে বাধ্য হন, তাহলে চিকিৎসার নির্ধারিত মূল্য তুলনামূলক কম হলেও সেই চিকিৎসা তাঁর জন্য প্রকৃত অর্থে সাশ্রয়ী নয়। এখানে তিনটি বিষয় আলাদা করে বিবেচনা করা জরুরি।
প্রথমত, একটি চিকিৎসা সেবার নির্ধারিত মূল্য কত?
দ্বিতীয়ত, রোগীর আয় ও ক্রয় ক্ষমতার তুলনায় সেই মূল্য কতটা বহনযোগ্য?
তৃতীয়ত, চিকিৎসার ব্যয়ের কত অংশ সরকার, বীমা বা অন্য কোনো সুরক্ষা ব্যবস্থা বহন করছে? এই তিনটি প্রশ্নের সমন্বিত উত্তর ছাড়া কোনো দেশের চিকিৎসা সেবাকে প্রকৃত অর্থে সাশ্রয়ী বলা যায় না।
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশের সম্ভাবনা
হৃদরোগের চিকিৎসা বাংলাদেশের স্বাস্থ্য খাতের সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালে করোনারি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, প্রাইমারি পিসিআই, পেসমেকার স্থাপন, বাইপাস সার্জারি এবং বিভিন্ন জটিল হৃদরোগের চিকিৎসা করা হচ্ছে। আধুনিক ক্যাথল্যাব, ইন্ট্রাভাসকুলার আলট্রাসাউন্ড বা ওঠটঝ, জটিল করোনারি ইন্টারভেনশন এবং জরুরি হৃদরোগ চিকিৎসার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দেশের মধ্যেই অনেক উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে এসব চিকিৎসার নির্ধারিত মূল্য অনেক বেশি হতে পারে। বাংলাদেশে তুলনামূলক কম খরচে অনেক চিকিৎসা করা সম্ভব হলেও একই চিকিৎসার আন্তর্জাতিক ভাবে তুলনাযোগ্য মূল্য নির্ধারণের জন্য হাসপাতাল ভিত্তিক বিল, চিকিৎসা সামগ্রীর ধরন, জটিলতা ও রোগীর ফলাফল বিশ্লেষণ প্রয়োজন। তবে হৃদরোগের চিকিৎসায় শুধু খরচ কম হলেই চলবে না। হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে দ্রুত ইসিজি, উপযুক্ত হাসপাতালে স্থানান্তর, প্রয়োজন অনুযায়ী সময় মতো প্রাইমারি পিসিআই এবং দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
আমাদের লক্ষ্য হওয়া উচিত, একজন দরিদ্র রোগীও যেন অর্থের অভাবে জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এ জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি নির্ধারিত মানদণ্ড পূরণকারী বেসরকারি হাসপাতালকেও জাতীয় জরুরি হৃদরোগ চিকিৎসা নেটওয়ার্কে সম্পৃক্ত করা যেতে পারে। সরকার নির্ধারিত প্যাকেজ মূল্যে বেসরকারি হাসপাতাল থেকে জরুরি চিকিৎসা সেবা ক্রয় করতে পারে। এতে সরকারি হাসপাতালের ওপর চাপ কমবে এবং রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। স্বাধীনতার ৫৫ বছরেও কেন কার্যকর সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি?
বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে স্বাস্থ্য খাতে অনেক অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, টিকা দান, ওষুধ শিল্পের বিকাশ, বিশেষায়িত চিকিৎসা এবং বেসরকারি হাসপাতালের বিস্তৃতি উল্লেখযোগ্য অর্জন। কিন্তু একটি কার্যকর, সমন্বিত, সবার জন্য আর্থিকভাবে সুরক্ষিত জাতীয় চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এখনো অসম্পূর্ণ।
বাংলাদেশে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণীত হয়েছে। কিন্তু সেই নীতির ধারাবাহিক বাস্তবায়ন, সরকারি-বেসরকারি সমন্বয়, পর্যাপ্ত অর্থায়ন, জনবল পরিকল্পনা এবং জবাবদিহি মূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘদিনের সীমাবদ্ধতা রয়েছে। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, শয্যা এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। ফলে সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ সৃষ্টি হয়। অনেক রোগী বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যান এবং চিকিৎসার ব্যয় নিজেরাই বহন করেন। এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের নীতিগত, প্রশাসনিক, অর্থনৈতিক এবং কাঠামোগত সমস্যার সম্মিলিত ফল। তাই স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সংকট নিয়ে আলোচনা করতে হলে এর ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা জরুরি।
বর্তমান সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের ঘোষিত উদ্যোগগুলোকে যেমন গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে, তেমনি বাস্তবায়নের অগ্রগতি, সীমাবদ্ধতা এবং ফলাফলও যাচাই করতে হবে।
সংবাদমাধ্যমের কাছে প্রত্যাশা, তারা শুধু হাসপাতালের সংকটের চিত্র নয়, সেই সংকটের কারণ, পূর্ববর্তী নীতিগত সিদ্ধান্ত, বর্তমান উদ্যোগ এবং বাস্তবসম্মত সমাধানের পথও জনগণের সামনে তুলে ধরবে।
সমাধানের পথ: সরকারি-বেসরকারি সমন্বিত জাতীয় চিকিৎসা ব্যবস্থা
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমার অন্যতম প্রধান প্রস্তাব হলো, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাকে একটি সমন্বিত জাতীয় কাঠামোর আওতায় নিয়ে আসা। আমাদের দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উল্লেখযোগ্য অবকাঠামো রয়েছে। এই সক্ষমতাকে পরিকল্পিত ভাবে জাতীয় স্বাস্থ্য সেবায় ব্যবহার করা সম্ভব। এ জন্য কয়েকটি মৌলিক সংস্কার প্রয়োজন।
প্রথমত, সরকারি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, শয্যা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা পর্যাপ্ত করতে হবে।
দ্বিতীয়ত, বেসরকারি হাসপাতালকে জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। নির্ধারিত মানদণ্ড ও চুক্তির ভিত্তিতে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের সরকারি অর্থায়নে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতে হবে।
তৃতীয়ত, জাতীয় স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রাথমিকভাবে দরিদ্র, নিম্ন আয়ের পরিবার এবং জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে এর আওতা বাড়ানো যেতে পারে।
চতুর্থত, চিকিৎসার সেবামূল্য ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসার স্বচ্ছ মূল্য তালিকা, চিকিৎসার মান, রোগীর নিরাপত্তা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
পঞ্চমত, জাতীয় রেফারেল ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। উপজেলা, জেলা, মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতালের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে। জরুরি রোগীদের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ষষ্ঠত, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় পর্যায়ে জনবল পরিকল্পনা, প্রশিক্ষণ, ন্যায্য বেতন, কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
সপ্তমত, চিকিৎসার অর্থায়নে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করতে হবে। সরকারি অর্থে বেসরকারি হাসপাতাল থেকে সেবা ক্রয়ের ক্ষেত্রে ডিজিটাল রোগী নিবন্ধন, নির্ধারিত প্যাকেজমূল্য, স্বাধীন অডিট এবং চিকিৎসার ফলাফল মূল্যায়ন বাধ্যতামূলক করতে হবে। এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য শুধু নীতি ঘোষণা যথেষ্ট নয়। প্রয়োজন সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট, সময়সীমা, দায়িত্ব বণ্টন এবং নিয়মিত মূল্যায়ন।
বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত জাতীয় স্বাস্থ্য মডেল
আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সরকারি হাসপাতাল হবে সর্বজনীন চিকিৎসা সেবার ভিত্তি এবং বেসরকারি হাসপাতাল হবে মান নিয়ন্ত্রিত অংশীদার। প্রাথমিক স্বাস্থ্য সেবা, টিকা দান, মাতৃ ও শিশুসেবা, রোগ প্রতিরোধ এবং জরুরি চিকিৎসায় সরকারি ব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে।
অন্যদিকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল থেকে বিশেষায়িত চিকিৎসা, ডায়াগনস্টিক সেবা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা ক্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। এতে সরকারি হাসপাতালের অতিরিক্ত চাপ কমানো সম্ভব হতে পারে। পাশাপাশি বিদ্যমান বেসরকারি অবকাঠামোকে নতুন করে বিপুল সরকারি বিনিয়োগ ছাড়াই জাতীয় স্বাস্থ্য সেবার কাজে ব্যবহার করা যাবে। তবে এই ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের লাভের উদ্দেশ্য যেন রোগীর স্বার্থকে ক্ষতিগ্রস্ত না করে, তা নিশ্চিত করতে কঠোর নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা অপরিহার্য।
যুক্তরাষ্ট্র থেকে আমাদের উন্নত চিকিৎসা প্রযুক্তি, গবেষণা ও বিশেষায়িত সেবার অভিজ্ঞতা গ্রহণ করা উচিত। যুক্তরাজ্য থেকে শিক্ষা নেওয়া যেতে পারে সরকারি অর্থায়ন, প্রাথমিক স্বাস্থ্য সেবা, রোগী রেফারেল এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে। আর বাংলাদেশের নিজস্ব শক্তি—সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ, দেশীয় ওষুধ শিল্প, তুলনামূলক কম পরিচালন ব্যয় এবং সরকারি-বেসরকারি চিকিৎসা অবকাঠামো—এসবকে কাজে লাগাতে হবে।
উপসংহার: চিকিৎসা সহজলভ্য হলেই হবে না, তা হতে হবে সবার জন্য সাশ্রয়ী ও নিরাপদ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে সমালোচনা অবশ্যই প্রয়োজন। কিন্তু শুধু সংকটের চিত্র তুলে ধরলে সমাধানের পথ স্পষ্ট হয় না। বাংলাদেশে অনেক চিকিৎসা সেবার সরাসরি মূল্য যুক্তরাষ্ট্রের তুলনায় কম। অনেক ক্ষেত্রে রোগীরা দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পান। এগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ইতিবাচক বৈশিষ্ট্য।
কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে, চিকিৎসার ব্যয়ের অধিকাংশ রোগীকে নিজের পকেট থেকে বহন করতে হয়। ফলে অনেক পরিবার চিকিৎসার কারণে আর্থিক সংকটে পড়ে। এই বৈপরীত্য দূর করাই হওয়া উচিত আগামী দিনের স্বাস্থ্য সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের এমন একটি জাতীয় চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে রোগীর চিকিৎসা পাওয়ার সুযোগ তাঁর আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করবে না। যেখানে সরকারি হাসপাতালের সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি বেসরকারি হাসপাতালের সক্ষমতাও জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। যেখানে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ন্যায্য পারিশ্রমিক ও নিরাপদ কর্মপরিবেশ পাবেন। যেখানে রোগী চিকিৎসার জন্য সর্বস্বান্ত হবেন না।
স্বাধীনতার ৫৫ বছর পর আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু এই নয় যে, দেশে কত হাসপাতাল আছে কিংবা কত চিকিৎসক আছেন। প্রশ্ন হলো—দেশের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় নিরাপদ, মানসম্মত ও আর্থিকভাবে সাশ্রয়ী চিকিৎসা পাচ্ছেন কি না।
বাংলাদেশের চিকিৎসা সেবার তুলনামূলক কম মূল্য ও সহজ প্রাপ্যতাকে জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে। আর তার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালের সমন্বয়ে একটি শক্তিশালী, জবাবদিহি মূলক, সাশ্রয়ী ও জনগণ কেন্দ্রিক জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।
লেখক: অধ্যাপক, এমবিবিএস (ডিএমসি), এমডি (কার্ডিওলজি), ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট,বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
