বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর যে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন পুরুষ কর্মীকে বাছাই করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
নির্বাচিত কর্মীরা ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’তে কাজের সুযোগ পাবেন।
লিখিত বক্তব্যে মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘চাহিদাপত্র প্রাপ্তি সাপেক্ষে বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১০ হাজার কর্মীর লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) তাদের হাতে এসেছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সত্যায়ন (অ্যাটেস্টেশন) সম্পন্ন হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
রাশেদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।’
