হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।’
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মাধবপুরে ডাকবাহী গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ৪২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
