গাজীপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

বেতন বাড়ানোর দাবি

গাজীপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

ফন্ট সাইজ:

বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। পরে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

অবরোধের প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এদিকে, পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।