জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না, আজকে আমি, পরশু সবাইকেই আক্রান্ত করা হবে।’ গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।
ওই পোস্টে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি না। দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষত-বিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে এ আশা আর করি না। আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে। বাংলাদেশ বিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করবো। ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’
