নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার, স্ত্রীসহ সবাই পলাতক

নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে মাটিচাপা অবস্থায় শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার, স্ত্রীসহ সবাই পলাতক

ফন্ট সাইজ:

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাসেল ওই উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। নোয়াখলা ইউনিয়নের শ্রমিকদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি জিডি করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার দিবাগত গভীর রাতে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তারা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে।’ তিনি ন্যায়বিচার দাবি করেন।

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ মানবজমিনকে বলেন, ‘শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’