৩ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ১২০তম কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এক নতুন বিভক্ত সরকারব্যবস্থার সূচনা হবে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বহাল থাকবেন। ফলে ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের সামরিক অভিযানকে কেন্দ্র করে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ও কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক সংঘাত তৈরি হতে পারে। যুদ্ধের বিরোধিতা কিংবা অভিশংসনের উদ্যোগের চেয়ে এই সংঘাতে ডেমোক্র্যাটদের সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে ফেডারেল অর্থ বরাদ্দের ওপর কংগ্রেসের সাংবিধানিক নিয়ন্ত্রণ—যা ‘পাওয়ার অব দ্য পার্স’ নামে পরিচিত। মূল প্রশ্ন হলো, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে ডেমোক্র্যাটরা কি সামরিক অভিযানের অর্থায়ন সীমিত করা, আইন প্রণয়ন এবং তদারকির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর এমন কার্যকর চাপ সৃষ্টি করতে পারবে, যা শেষ পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধে বা প্রেসিডেন্টকে তার সামরিক নীতি পরিবর্তনে বাধ্য করতে পারে?
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ে ভূমিকা রেখেছে। ডেমোক্রেটিক দলীয় কংগ্রেস নেতৃত্ব যুদ্ধের অবসানকে তাঁদের প্রধান আইনপ্রণয়নমূলক অগ্রাধিকারের মধ্যে রেখেছেন। তবে নির্বাচনী জনসমর্থন অর্জন করলেই সামরিক অভিযান পরিচালনার কর্তৃত্ব স্বয়ংক্রিয়ভাবে কংগ্রেসের হাতে চলে আসে না। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সামরিক মোতায়েন ও কূটনীতিতে নির্বাহী কর্তৃত্বের অধিকারী এবং তার হাতে প্রেসিডেনশিয়াল ভেটো ক্ষমতাও রয়েছে। ফলে প্রশাসনকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করা এবং আইনগতভাবে তার ক্ষমতা সীমিত করা—এই দুইয়ের মধ্যে ডেমোক্র্যাটদের পার্থক্য বুঝতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের ব্যর্থ উদ্যোগ এই সীমাবদ্ধতারই উদাহরণ। ১০ নভেম্বর প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিশংসন অভিযোগ বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব ২১১–২০৪ ভোটে গৃহীত হয়, যার ফলে তাৎক্ষণিকভাবে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ কার্যত বাধাগ্রস্ত হয়। তবে আগামী বছর নয়া কংগ্রেসে এই উদ্যোগ আবারো নতুন করে গতি পাবে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির উত্থাপিত এবং ডেমোক্র্যাটদের সমর্থিত অভিশংসন প্রস্তাবটিতে ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
জানুয়ারির পর নতুন করে জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ডেমোক্র্যাট নেতারা আগ্রহ দেখালেও শুধু অভিশংসনের মাধ্যমে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। সিনেটে অভিশংসন কার্যকর করতে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন, যা উল্লেখযোগ্য রিপাবলিকান সমর্থন ছাড়া রাজনৈতিকভাবে প্রায় অসম্ভব। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তন করলেও সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্টের সাংবিধানিক কর্তৃত্ব বিলুপ্ত হবে না। অভিশংসন জবাবদিহি নিশ্চিত করার উপায় হতে পারে, কিন্তু যুদ্ধ বন্ধের পূর্ণাঙ্গ কৌশলের বিকল্প নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন বা যুদ্ধক্ষমতা-সংক্রান্ত আইন। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ভেটো অগ্রাহ্য করে প্রণীত এই আইন বিদেশে মার্কিন সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে কংগ্রেসের অংশগ্রহণ ও তদারকি জোরদার করার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। আইনটি সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসকে অবহিত ও পরামর্শ করার বাধ্যবাধকতা আরোপ করে এবং সাধারণভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ৬০ দিনের বেশি সামরিক সংঘাতে মার্কিন বাহিনীর অবস্থান সীমিত করে; প্রয়োজনে প্রত্যাহারের জন্য আরও ৩০ দিন সময় দেয়।
২০২৬ সালের জুনে কংগ্রেসের উভয় কক্ষ ইরান-সংশ্লিষ্ট সংঘাত থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার অথবা কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্দেশসংবলিত একটি প্রস্তাব গ্রহণ করে। কিন্তু প্রশাসন তা উপেক্ষা করে। কারণ, প্রস্তাবটি আইনগত বাধ্যবাধকতা সৃষ্টিকারী বিল হিসেবে নয়, বরং একটি কনকারেন্ট রেজল্যুশন হিসেবে গৃহীত হয়েছিল।
এটি প্রমাণ করে, আইনগতভাবে কার্যকর বাধ্যবাধকতা তৈরি না করে কেবল বিরোধিতা প্রকাশকারী কংগ্রেসীয় প্রস্তাবের সীমাবদ্ধতা কত ব্যাপক। আমেরিকান ইউনিভার্সিটির জর্ডান তামা ২০২৬ সালের মার্চে তাঁর বিশ্লেষণে দেখিয়েছেন, প্রেসিডেন্টের সামরিক সর্বাধিনায়কত্ব এবং সামরিক পদক্ষেপ অনুমোদনে কংগ্রেসের ক্ষমতার মধ্যকার সাংবিধানিক বিভাজন দীর্ঘদিন ধরে বিরোধ তৈরি করেছে, যার নিষ্পত্তিতে ফেডারেল আদালত সাধারণত সরাসরি হস্তক্ষেপ করতে অনাগ্রহী।
অর্থ বরাদ্দের ক্ষমতা: কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী সাংবিধানিক হাতিয়ার
কংগ্রেসের সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো ফেডারেল অর্থ বরাদ্দের ওপর তার সাংবিধানিক কর্তৃত্ব। মার্কিন সংবিধানের প্রথম অনুচ্ছেদের নবম ধারায় বলা হয়েছে, আইন দ্বারা বরাদ্দ না হলে ট্রেজারি থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না। এই বিধান অনুযায়ী, ফেডারেল অর্থ কোন উদ্দেশ্যে, কী শর্তে এবং কোন সীমার মধ্যে ব্যয় করা হবে, তা নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের। প্রেসিডেন্ট সামরিক অভিযান পরিচালনা করলেও আইনসম্মত অর্থ বরাদ্দ ছাড়া নির্বাহী বিভাগ অনির্দিষ্টকাল ব্যয়বহুল সামরিক অভিযান চালিয়ে যেতে পারে না।
ইউনিভার্সিটি অব ওলংগংয়ের আইন বিভাগের অধ্যাপক এবং ট্রান্সন্যাশনাল ল অ্যান্ড পলিসি সেন্টারের পরিচালক মার্কাস ওয়াগনার ২০২৬ সালের ৬ নভেম্বরের বিশ্লেষণে যুক্তি দিয়েছেন, অভিশংসন বা অ-বাধ্যতামূলক প্রস্তাবের তুলনায় সামরিক অর্থায়নে বিধিনিষেধ আরোপ ডেমোক্র্যাটদের জন্য অধিক কার্যকর হাতিয়ার হতে পারে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস প্রতিরক্ষা বাজেটে সুনির্দিষ্ট শর্ত যুক্ত করতে পারে, যার মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে ফেডারেল অর্থ ব্যয় নিষিদ্ধ করা সম্ভব। এ ধরনের বিধিনিষেধ প্রশাসনের সামরিক অভিযান অব্যাহত রাখার সক্ষমতাকে বাস্তবিকভাবে সীমিত করতে পারে।
তবে অর্থ বরাদ্দের ক্ষমতা এমন কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নয়, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে সামরিক অভিযান বন্ধ করে দেওয়া যায়। আগে থেকে বরাদ্দ করা অর্থ, আইনসম্মতভাবে ব্যবহারযোগ্য প্রতিরক্ষা তহবিল এবং নির্বাহী বিভাগের আইনগত ব্যাখ্যা এ প্রক্রিয়াকে জটিল করতে পারে। তাই কোন সামরিক অভিযান, ব্যয় এবং কার্যক্রম নিষিদ্ধ হবে, তা নির্দিষ্ট করে কংগ্রেসকে সুস্পষ্ট ও আইনগতভাবে কার্যকর বিধিনিষেধ প্রণয়ন করতে হবে। অর্থ বরাদ্দসংক্রান্ত আইনের মাধ্যমে কংগ্রেস বিভিন্ন শর্ত ও সীমাবদ্ধতা আরোপ করতে পারে এবং নির্বাহী সংস্থাগুলো অনুমোদিত উদ্দেশ্যের বাইরে অর্থ ব্যয় করতে পারে না। সামরিক ব্যয়ের ওপর কংগ্রেসের তদারকির জন্য এসব বিধান একটি শক্তিশালী সাংবিধানিক ভিত্তি তৈরি করে।
১১ ডিসেম্বর: ডেমোক্র্যাটদের কৌশলের প্রথম পরীক্ষা
২০২৬ সালের ১১ ডিসেম্বরের ফেডারেল অর্থায়নের সময়সীমা এই কৌশলের প্রথম বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও টিম কেইনসহ কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা আসন্ন সরকারি ব্যয়সংক্রান্ত আইনে ইরান যুদ্ধের অর্থায়নে বিধিনিষেধ যুক্ত করার পক্ষে মত দিয়েছেন। তাদের লক্ষ্য হলো, কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন যেন বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে না পারে।
তবে ডেমোক্র্যাটদের সামনে একটি কঠিন রাজনৈতিক হিসাব রয়েছে। ২০২৭ সালের ৩ জানুয়ারির আগে তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করবে না। ফলে ডিসেম্বরের অর্থায়নসংক্রান্ত আলোচনায় রিপাবলিকানরাই আইনপ্রণয়নের নিয়ন্ত্রণে থাকবেন। সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির ডেমোক্র্যাট সদস্য প্যাটি মারে ইঙ্গিত দিয়েছেন যে, ভোটাররা প্রশাসনের অর্থ ব্যবহারের ওপর বিধিনিষেধ প্রত্যাশা করছেন।
অন্যদিকে প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির রিপাবলিকান চেয়ারম্যান টম কোল প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দিতে পারেন—এমন বিধানের বিরোধিতা করেছেন। ডিসেম্বরের সময়সীমা সামনে রেখে দুই দলের মধ্যে অর্থায়ন নিয়ে আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে।
আলোচনা ব্যর্থ হলে সরকারি কার্যক্রম আংশিক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ইরান যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিরোধের কারণে জরুরি ফেডারেল সেবা, বেসামরিক কর্মচারী এবং সামরিক সদস্যদের ক্ষতিগ্রস্ত হতে দেওয়া ডেমোক্র্যাটদের উচিত হবে না।
আরও কার্যকর পন্থা হলো—নিয়মিত সরকারি কার্যক্রমের অর্থায়ন, প্রতিরক্ষামূলক সামরিক প্রস্তুতি বজায় রাখা এবং ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের অর্থায়ন—এই তিনটি বিষয়কে পৃথকভাবে বিবেচনা করা। এতে জরুরি সরকারি কার্যক্রম সচল রেখেও সামরিক অভিযানের ওপর বিধিনিষেধ আরোপ করা সম্ভব হতে পারে।
ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভাজন ও রিপাবলিকানদের ভূমিকা
ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ মতপার্থক্য তাদের রাজনৈতিক ও আইন প্রণয়নমূলক প্রভাবকে আরও দুর্বল করতে পারে। প্রগতিশীল আইনপ্রণেতারা অবিলম্বে সামরিক অর্থায়নে বিধিনিষেধ আরোপের পক্ষে। তাদের যুক্তি, নির্বাচনের ফলাফল যুদ্ধ বন্ধের পক্ষে জনগণের স্পষ্ট ম্যান্ডেট।
অন্যদিকে দলের অধিক সতর্ক সদস্যরা আশঙ্কা করছেন, কঠোর অর্থায়নসংক্রান্ত সংঘাত সরকারি অচলাবস্থা সৃষ্টি করলেও সামরিক অভিযান বন্ধ নাও হতে পারে। সিনেটে বিতর্কিত আইন পাসের ক্ষেত্রে সাধারণত ফিলিবাস্টার অতিক্রম করতে ৬০ ভোটের প্রয়োজন হয়। উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলেও ডেমোক্র্যাটদের হাতে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করার মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না।
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক ‘জেনিফার হেনড্রিকসন হোয়াইট’ ৪ নভেম্বরের এক বিশ্লেষণে উল্লেখ করেছেন, কংগ্রেসের তদন্ত, অবাধ্যতামূলক প্রস্তাব এবং প্রকাশ্য সমালোচনা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু এগুলো সাধারণত প্রেসিডেন্টকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করতে পারে না।
তাঁর মতে, ডেমোক্র্যাটদের উচিত ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টসহ গুরুত্বপূর্ণ ও অপরিহার্য আইনপ্রণয়ন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে দ্বিদলীয় সমর্থনে কার্যকর বিধিনিষেধ নিয়ে আলোচনা করা। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী অভিজ্ঞতা এখানে শিক্ষণীয়। ট্রাম্পের পররাষ্ট্রনীতি চ্যালেঞ্জ করে কংগ্রেসের নেওয়া কয়েকটি উদ্যোগ প্রেসিডেন্টের ভেটোর কারণে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে, ব্যাপক সমর্থন পাওয়া প্রতিরক্ষা আইনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত পদক্ষেপগুলো আইনে পরিণত হওয়ার তুলনামূলকভাবে বেশি সুযোগ পেয়েছিল।
ইরাক যুদ্ধের অভিজ্ঞতাও একটি সতর্কবার্তা। ২০০৭ সালে ডেমোক্র্যাটরা ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সীমার সঙ্গে সামরিক অর্থায়নকে যুক্ত করার চেষ্টা করেছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সেই আইনে ভেটো দেন। মার্কিন সেনাদের পর্যাপ্ত অর্থায়ন ছাড়া রেখে দেওয়ার আশঙ্কায় রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা পিছু হটেন।
এই অভিজ্ঞতা প্রমান করে, আর্থিক চাপ প্রয়োগের কৌশল হতে হবে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত। নির্বিচারে প্রতিরক্ষা বাজেট কমানোর পরিবর্তে নির্দিষ্ট আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়নে বিধিনিষেধ আরোপ অধিক যুক্তিসংগত। এতে সামরিক সদস্য, প্রতিরক্ষামূলক সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমবে।
যুদ্ধ অব্যাহত থাকলে আন্তর্জাতিক পরিণতি
ইরান যুদ্ধের প্রভাব ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালি ও লোহিত সাগরে বিঘ্ন আন্তর্জাতিক নৌপরিবহন, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে। রয়টার্স-এর প্রতিবেদন মোতাবেক, অক্টোবর মাসে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা সংঘাত শুরু হওয়ার পর এক মাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩০টি ঘটনা নথিভুক্ত হয়েছে এবং অন্তত ২৫ জন নাবিকের মৃত্যু হয়েছে। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধার হলেও বাণিজ্যিক নৌপরিবহন এখনো গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে।
এদিকে কূটনৈতিক কাঠামো ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক প্রত্যাহার নতুন অস্থিতিশীলতা তৈরি করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক সামরিক সম্পর্ক এবং নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা মোকাবিলায় ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
তাই ওয়াশিংটনের উচিত সামরিক উত্তেজনা প্রশমনের পাশাপাশি যাচাইযোগ্য পারমাণবিক নিরাপত্তাব্যবস্থা, আঞ্চলিক নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক নৌচলাচলের সুরক্ষা নিশ্চিত করে একটি বাস্তবসম্মত যুদ্ধ-অবসান কৌশল গ্রহণ করা। কংগ্রেস এককভাবে তেহরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে না পারলেও শুনানি, আইনগত শর্ত, অর্থ বরাদ্দের অগ্রাধিকার এবং দ্বিদলীয় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আলোচনার পথ সুগম করতে পারে।
সাংবিধানিক শাসনব্যবস্থার কার্যকারিতা
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় মার্কিন পররাষ্ট্রনীতিতে কংগ্রেসের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ অর্জন মানেই প্রেসিডেন্সির নিয়ন্ত্রণ অর্জন নয়। অভিশংসন, ওয়ার পাওয়ারস রেজল্যুশন এবং রাজনৈতিক সমালোচনা ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু এগুলোর কোনোটিই এককভাবে ইরান যুদ্ধের অবসান নিশ্চিত করে না।
অর্থ বরাদ্দের ক্ষমতা সবচেয়ে শক্তিশালী সাংবিধানিক হাতিয়ার হতে পারে, যদি ডেমোক্র্যাটরা তা কৌশলগতভাবে প্রয়োগ করতে পারেন। তাদের অগ্রাধিকার হওয়া উচিত আক্রমণাত্মক সামরিক ব্যয়ের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ, আইনগতভাবে কার্যকর অর্থ বরাদ্দসংক্রান্ত শর্তে দ্বিদলীয় সমর্থন, সামরিক লক্ষ্য ও ব্যয়ের কঠোর তদারকি এবং জরুরি সরকারি কার্যক্রম সুরক্ষিত রাখা।
একই সঙ্গে অর্থায়নে বিধিনিষেধের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা মোকাবিলায় একটি বিশ্বাসযোগ্য কূটনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি।
পরিশেষে, ডেমোক্র্যাট নেতৃত্বের প্রকৃত পরীক্ষা ট্রাম্পের সঙ্গে কতটা জোরালো সংঘাতে তারা যেতে পারে, তা নয়; বরং নির্বাচনী জনসমর্থনকে কতটা কার্যকর সাংবিধানিক শাসনব্যবস্থায় রূপান্তর করতে পারে, সেটিই হবে মূল বিবেচ্য।
অর্থ বরাদ্দের ক্ষমতা প্রেসিডেন্টের সামরিক কর্তৃত্বকে সীমিত করতে পারে, কিন্তু সেই সীমাবদ্ধতাকে যুদ্ধের স্থায়ী অবসানে রূপ দিতে প্রয়োজন সুশৃঙ্খল আইনপ্রণয়ন কৌশল, দ্বিদলীয় সহযোগিতা এবং ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ।
বিশ্লেষণ
ডেমোক্রেট-নিয়ন্ত্রিত কংগ্রেস কি ইরান যুদ্ধ বন্ধ করতে পারবে?
কাউসার মুমিন
মত-মতান্তর
১ ঘন্টা আগে
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
