স্বামীর অন্য নারীর সঙ্গে মেলামেশা নিয়ে আপত্তি ছিল না ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তবে এ ক্ষেত্রে একটি শর্ত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ফিরোজ গান্ধী কার সঙ্গে বাইরে যান কিংবা কী করেন, তাতে তার আপত্তি নেই, যদি তা ফিরোজকে সুখী করে। তবে অন্যের মুখে শোনার আগেই বিষয়টি তাকে জানাতে হবে স্বয়ং ফিরোজ গান্ধীকেই। স্বামী ফিরোজ গান্ধীকে নিয়ে নানা গুঞ্জনের কথা এক বন্ধু ইন্দিরা গান্ধীকে জানিয়েছিলেন। এর জবাবে বন্ধুকে লেখা চিঠিতে ইন্দিরা লিখেছিলেন, ‘ফিরোজের অনেক ত্রুটি আছে। আমাদের মধ্যে কার নেই? কিন্তু তাতে তার প্রতি আমার অনুভূতির কোনো পরিবর্তন হয় না। তার ত্রুটি থাকা সত্ত্বেও, কিংবা বলা যায়, তার ত্রুটির কারণেই আমি তাকে ভালোবাসি।’ ইন্দিরা গান্ধীর সঙ্গে ফিরোজ গান্ধীর সম্পর্কের নানা দিক উঠে এসেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত স্মৃতিকথার অংশে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন, দূরত্ব, ভালোবাসা ও পুনর্মিলনের নানা ঘটনা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।
১৯৪২ সালে বিয়ে করেন ইন্দিরা ও ফিরোজ। এর পাঁচ বছর পর ভারত স্বাধীন হয় এবং জওহরলাল নেহরু দেশটির প্রধানমন্ত্রী হন। সোনিয়া লিখেছেন, কাজের প্রয়োজনে ইন্দিরার সহায়তা দরকার ছিল নেহরুর। সোনিয়া লিখেছেন, নতুন পরিস্থিতির প্রয়োজনীয়তা বুঝে ফিরোজ প্রথমে এই ব্যবস্থায় সম্মতি দিয়েছিলেন। কিন্তু পরে ইন্দিরার ওপর বাবার দায়িত্ব বাড়তে থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুই দিকের দায়িত্ব সামলানো ক্রমেই কঠিন হয়ে পড়ে। তত দিনে তাদের দুই সন্তান- ১৯৪৪ সালের আগস্টে জন্ম নেয়া রাজীব এবং ১৯৪৬ সালের ডিসেম্বরে জন্ম নেন সঞ্জয়। তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী নেহরুর আনুষ্ঠানিক আতিথেয়তার দায়িত্বে থাকা ইন্দিরাকে ভারত ও বিদেশে বাবার সফরসঙ্গী হতে হতো। কিন্তু চাকরির কারণে ফিরোজ তার সঙ্গে যেতে পারতেন না।
ইন্দিরার কর্মীদের একজন অ্যামি আন্টির কাছ থেকে সোনিয়া জানতে পেরেছিলেন, আনুষ্ঠানিক নৈশভোজে প্রটোকল অনুযায়ী ইন্দিরাকে বাবার পাশে বসানো হতো। অন্যদিকে ফিরোজকে দীর্ঘ টেবিলের অনেক দূরে কিংবা প্রায় শেষ প্রান্তে বসতে হতো। এ নিয়ে লোকজন ঠাট্টা-মশকরা করত। এতে ফিরোজ অপমানিত ও কষ্ট পেতেন। সোনিয়ার মতে, এ ধরনের ঘটনা তাদের মধ্যে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার অনুভূতি তৈরিতে ভূমিকা রেখেছিল।
সোনিয়া লিখেছেন, ১৯৫০-এর দশকের মাঝামাঝি ফিরোজ গান্ধী সংসদ সদস্য হিসেবে প্রাপ্য একটি পৃথক বাড়িতে চলে যান। তিনি লিখেছেন, ফিরোজ তখন বন্ধুবান্ধব ও নারীদের সঙ্গ উপভোগ করা একজন আকর্ষণীয়, আমুদে মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। বিয়ের কয়েক বছর পর ফিরোজকে লেখা ইন্দিরার একটি চিঠির উদ্ধৃতি দিয়েছেন সোনিয়া। তাতে ইন্দিরা লিখেছিলেন, ‘তুমি কার সঙ্গে বাইরে যাও কিংবা কী করো, তাতে আমার আপত্তি নেই। যদি তা তোমাকে সুখী করে এবং তুমি আমাকে সে সম্পর্কে জানাও অন্যদের কাছ থেকে বড় বড় গল্প শোনার আগেই।’
সোনিয়া লিখেছেন, ফিরোজ যখন আরও গুরুতর একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, যা ইন্দিরার কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল, তখন তাদের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তীব্র ঝগড়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা বিবেচনা করেছিলেন। ফিরোজ এ বিষয়ে আলোচনার সুযোগ চেয়ে নেহরুর কাছে যান। ইন্দিরাও মনে করেছিলেন, ফিরোজের এমন একজনের সঙ্গে কথা বলা উচিত, যাকে তিনি বিশ্বাস করেন। নেহরু তাকে বোঝান। কয়েক মাস পর ফিরোজ বিচ্ছেদের উদ্যোগ থেকে সরে আসেন।
সোনিয়া লিখেছেন, বাবার সঙ্গে কাটানো সময় রাজীবের কাছে ছিল অত্যন্ত প্রিয়। বাবার বাড়িতে যাওয়া-আসার স্মৃতিও তিনি সযত্নে মনে রেখেছিলেন। রাজীব সোনিয়াকে বলেছিলেন, কখনো কখনো ফিরোজের বাড়িতে একজন নারী উপস্থিত থাকতেন। তবে তিনি ওই নারীর নাম কখনো বলেননি। সম্ভবত তিনি নামটি জানতেন না, অথবা স্মৃতিটি আর মনে করতে চাইতেন না। ১৯৫৮ সালে ফিরোজ হৃদরোগে আক্রান্ত হন। সোনিয়ার ভাষায়, এ সময় তাদের পুরোনো ক্ষতগুলো নিরাময় হতে শুরু করে। ইন্দিরা তখন বাবার সঙ্গে ভুটানে ছিলেন। ফিরোজ অসুস্থ হওয়ার খবর পেয়ে ফিরে এসে তার দেখাশোনা করেন। নার্সিং হোমে ফিরোজের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত দীর্ঘ সময় তার পাশে কাটান। ১৯৫৯ সালে ইন্দিরার কিডনিতে পাথরের অস্ত্রোপচার হলে ফিরোজও তার প্রতি সমান উদ্বেগ প্রকাশ করেন। সারাক্ষণ ইন্দিরার পাশে ছিলেন তিনি।
সোনিয়া লিখেছেন, তাদের পুরোনো মতপার্থক্যগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করে। ১৯৬০ সালে পরিবারের চারজন একসঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে যান। কিন্তু এর তিন মাস পর ফিরোজ আবার হৃদরোগে আক্রান্ত হন। এবার তা ছিল প্রাণঘাতী। ইন্দিরা তখন কেরালায় ছিলেন। খবর পেয়ে ফিরে সরাসরি হাসপাতালে যান। কিছু সময়ের জন্য ফিরোজের জ্ঞান ফিরে আসে। হঠাৎ তার কাশি শুরু হলে ইন্দিরা সামান্য উঁচু করে দেন তার মাথা। এরপরই সব শেষ হয়ে যায়। সোনিয়া লিখেছেন, ‘তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।’
সোনিয়া লিখেছেন, ইন্দিরা ও ফিরোজের ‘জটিল’ সম্পর্ক নিয়ে তিনি প্রায়ই ভাবতেন। শাশুড়ির মৃত্যুর পর তাদের মধ্যে বিনিময় হওয়া চিঠিগুলো পড়তে গিয়ে তার কাছে স্পষ্ট হয়, তারা হয়তো তীব্র ঝগড়া করেছেন, কিছু সময়ের জন্য দূরে সরে গেছেন, কিন্তু তাদের একসঙ্গে বেঁধে রাখা বন্ধন কখনো ছিন্ন হয়নি। সোনিয়া লিখেছেন, দাম্পত্য জীবনের উত্থান-পতন সত্ত্বেও তার শাশুড়ি একবার তাকে বলেছিলেন, ফিরোজ ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করতে পারতেন না। ফিরোজই ছিলেন একমাত্র পুরুষ, যাকে তিনি ভালোবেসেছিলেন।
ইন্দিরার মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে একটি অসমাপ্ত নোট খুঁজে পান সোনিয়া। সেখানে লেখা ছিল, ‘সোনিয়া, তোমাকে লিখছি, কারণ তোমার মধ্যে নিজের কিছু ঝলক দেখতে পাই। আর তোমার স্বামী, আমার ছেলের মধ্যে দেখতে পাই আমার স্বামীর অনেক কিছু।’
সোনিয়া লিখেছেন, ‘আমি বলব, যে ব্যক্তির সঙ্গে ইন্দিরার নিঃশর্ত ঘনিষ্ঠতা ছিল, তিনি ছিলেন তার স্বামী ফিরোজ। তাদের দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে পড়ছিল, তখনও তিনি ফিরোজকে ভালোবাসার চিঠি লিখতেন।’ সোনিয়া জানান, তার ছোট বোন যখন স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছিলেন, তখন বিষয়টি ইন্দিরাকে বলেছিলেন তিনি। জবাবে ইন্দিরা বলেছিলেন, ‘তাকে বলো, রাগ কিংবা কষ্টের মধ্যে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। ফিরোজের সঙ্গে আমার বিচ্ছেদের জন্য আমি সব সময় অনুতপ্ত হয়েছি।’
(সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস)
