প্রথম আলো
‘সাইবার সুরক্ষা আইনের খসড়া: শাস্তি কমানোর প্রস্তাব, তবে মতপ্রকাশ নিয়ে উদ্বেগ থাকছে’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব করা হয়েছে। কিছু সংজ্ঞাও বদলানো হয়েছে। তবে এসব বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিধান বহাল রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু শাস্তি কমালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা ও আইনের অপব্যবহারের ঝুঁকি দূর হবে না।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে গতকাল বুধবার খসড়াটি প্রকাশ করা হয়েছে। এর ওপর চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছে।
নতুন খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৪০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। মানহানির সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা ২০ লাখ থেকে কমিয়ে ৫ লাখ টাকা করার কথা বলা হয়েছে।
নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাবও রয়েছে নতুন খসড়ায়। এসব মাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তারের আগে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিনা পরোয়ানায় তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক বিরোধিতার মুখে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়। আইনটি ভিন্নমত দমনে ব্যবহারের অভিযোগ ওঠে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে। পরে জারি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫। গত ৩০ এপ্রিল অধ্যাদেশ রহিত করে সংসদে পাস হয় সাইবার সুরক্ষা বিল-২০২৬। বিলটি পাসের কয়েক মাসের মধ্যেই আবার সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
গত জুলাই মাসে আইনটি সংশোধন করতে খসড়া তৈরির কমিটি গঠন করে সরকার। ওই খসড়ার ওপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অংশীজন ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি সভা করে সরকারের প্রতিনিধিদল। সভায় উঠে আসা মতামতের ভিত্তিতে নতুন করে খসড়া প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। অবশ্য অংশীজনেরা বলছেন, খসড়াটি এভাবে পাস হলে আইনটি আগের মতোই নিবর্তনমূলক থাকবে।
সংজ্ঞায় পরিবর্তন
নতুন খসড়ায় গুজবের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য তৈরি, প্রকাশ বা প্রচার করে জনমনে আতঙ্ক, উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অসমর্থিত তথ্য, সংবাদ বা দাবির কথা ছিল আগের খসড়ায়।
মানহানির সংজ্ঞা নির্ধারণে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ধারার অনুসরণের প্রস্তাব করা হয়েছে নতুন খসড়ায়। এতে হেয়প্রতিপন্ন করার সংজ্ঞায় বলা হয়েছে, গঠনমূলক সমালোচনার সীমা অতিক্রম করে কোনো কথা, আচরণ, প্রকাশনা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা কার্যকলাপের মাধ্যমে কাউকে তুচ্ছতাচ্ছিল্য, উপহাস বা অবজ্ঞা করার উদ্দেশ্যে তাঁর ব্যক্তিগত মর্যাদাবোধ ও আত্মসম্মানে আঘাত করলে তা হেয়প্রতিপন্ন করা হিসেবে গণ্য হবে। কারও শারীরিক গঠন, বর্ণ বা দৈহিক বৈশিষ্ট্য নিয়ে বিদ্রূপ করাও এর আওতায় আসবে। এ ছাড়া ছবি, ভিডিও বা কণ্ঠ বিকৃত করে মিম ও ব্যঙ্গচিত্র তৈরি করে কাউকে উপহাসের পাত্র বানানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানতে চাইলে তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান টেকগ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ প্রথম আলোকে বলেন, ‘মানহানির সংজ্ঞা আগে থেকেই দণ্ডবিধিতে আছে। তাহলে নতুন এই আইনে একই অপরাধ পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কী?’ তিনি বলেন, মানহানি, গুজব, হেয়প্রতিপন্নের মতো বিষয়গুলো কোনোভাবেই এই আইনের আওতায় আনা উচিত নয়। এ ছাড়া গঠনমূলক সমালোচনার সীমারেখা কে নির্ধারণ করবে? মানদণ্ডই–বা কী হবে?
মিম ও অন্যান্য ব্যঙ্গাত্মক কনটেন্টের উল্লেখ করে ফৌজিয়া আফরোজ বলেন, তাহলে কি রাজনৈতিক ব্যঙ্গচিত্র–মিম বা সমালোচনামূলক ক্যারিকেচার তৈরি করাও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে?
গণমাধ্যমের জন্য বিশেষ সুরক্ষার কথা বলা হচ্ছে
নতুন খসড়ায় নিবন্ধিত সংবাদমাধ্যম ও সেগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য কিছু বিশেষ সুরক্ষার প্রস্তাব রাখা হয়েছে। খসড়ার ৪৬(ক) ধারায় বলা হয়েছে, নিবন্ধিত সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তার করতে হলে ট্রাইব্যুনালের পূর্বানুমতি নিতে হবে।
একইভাবে, ২৯ ধারায় কোনো নিবন্ধিত সংবাদমাধ্যম বা সেটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বা আইনি কার্যধারা শুরুর আগে অন্তত ১৫ দিনের লিখিত নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।
এ ধরনের বিধান সাংবাদিক ও সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা তৈরি করতে পারে। তবে এ সুরক্ষার আওতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্রিল্যান্স সাংবাদিকেরা একই সুবিধা পাবেন কি না, খসড়ায় তা স্পষ্ট নয়। এ ছাড়া সংবাদমাধ্যমের কার্যালয়ে তল্লাশি চালানো কিংবা সাংবাদিকদের ডিজিটাল যন্ত্রপাতি জব্দের ক্ষেত্রেও আদালতের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি।
আইন সংশোধনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণ এবং সংশোধিত খসড়াটি আবার তাঁদের মতামতের জন্য উন্মুক্ত করাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন দ্য ডেইলি স্টার–এর কনসাল্টিং এডিটর ও সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি মনে করেন, প্রস্তাবিত সংশোধনীগুলো আইনটির বিদ্যমান উদ্বেগ নিরসনে যথেষ্ট নয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে সংবাদমাধ্যম বা সাংবাদিকদের যতটুকু সুরক্ষার কথা বলা হচ্ছে, সাধারণ নাগরিকদেরও তা থাকা উচিত। তা না হলে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হবে। খসড়াটি রাজনৈতিক বিরোধী পক্ষ কিংবা সমালোচকদের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।’
তল্লাশি-জব্দের ক্ষমতা নিয়ে প্রশ্ন
আইনের খসড়ার ৮ ধারায় দেশের অখণ্ডতা, মর্যাদা, নিরাপত্তা, জনশৃঙ্খলা ক্ষুণ্ন করা, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি, মানহানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্নো, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন–সংক্রান্ত উপাদান, যৌন হয়রানিসহ বিভিন্ন কারণে কনটেন্ট ব্লকের সুযোগ রাখা হয়েছে।
কারা কন্টেন্ট ব্লক করতে পারবে, সে বিষয়ে ২ উপধারায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অথবা সরকারের কাছ থেকে এ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা বাহিনীর কাছে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিশ্বাস করার কারণ থাকলে তারা কনটেন্ট অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নিতে পারবে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (এনসিএসএ) মহাপরিচালকের মাধ্যমে তারা এ উদ্যোগ নিতে পারবে এবং প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসিকে অনুরোধ করতে পারবে।
তবে খসড়ায় ‘দেশের মর্যাদা’ ও ‘জনশৃঙ্খলা’ ক্ষুণ্ন করার মতো শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় এ ধারার অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
খসড়ায় আরও বলা হয়েছে, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা হলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর কারণ জানাতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি এনসিএসএর কাছে ওই কনটেন্ট পুনর্বহালের আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর সরকার বা সংশ্লিষ্ট পক্ষকে শুনানির সুযোগ দিয়ে ১৫ দিনের মধ্যে এজেন্সিকে আবেদনটি নিষ্পত্তি করতে হবে। তবে অধিকারকর্মীরা বলছেন, কনটেন্ট ব্লকের কারণ তিন দিন পর নয়, সিদ্ধান্ত নেওয়ার সময়ই জানানো উচিত।
খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা বহাল রাখার প্রস্তাব রয়েছে। ৩৫ ধারায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় সাইবার হামলা বা বেআইনি প্রবেশের কারণে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে পুলিশ কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে পরোয়ানা ছাড়াই ব্যবস্থা নিতে পারবেন। এ ক্ষেত্রে তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে।
খসড়ার বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, শুধু শাস্তির মাত্রা কমিয়ে দিলেই একটি আইনের নিবর্তনমূলক চরিত্র পরিবর্তিত হয়ে যায় না। খসড়ায় মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার যে নিবর্তনমূলক উপাদানগুলো ছিল, সেগুলো অব্যাহত আছে।
ইফতেখারুজ্জামান মনে করেন, কোনো আইনের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণিকে বিশেষ সুবিধা দেওয়ার অর্থ হলো সেটি বৈষম্যমূলক ও বিভাজনমূলক একটি ব্যবস্থার প্রতিফলন। তিনি বলেন, এই বৈষম্যমূলক আইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘সন্ত্রাসের অভয়ারণ্য খুলনা: পুলিশ ও রাজনৈতিক প্রশ্রয়ে অপরাধ’। প্রতিবেদনে বলা হয়, খুলনায় অপরাধের বিস্তার মহামারিতে রূপ নিয়েছে। খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও বাস্তবে অপরাধের লাগাম টানা যাচ্ছে না। লাগাম টানার মতো কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি খুলনার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বরং বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধী চক্রের উত্থান ঘটছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদার দাবিতে ভাঙচুর, প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এসব অপরাধের পেছনে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তা বা যোগসাজশের অভিযোগও উঠছে। এসব অপরাধের জন্য খুলনার রাজনৈতিক নেতারা দুষছেন পুলিশকে, অন্যদিকে পুলিশ বলছে সন্ত্রাসীদের সামাজিকভাবে মোকাবিলা না করলে অপরাধ দমন সম্ভব নয়।
গত কয়েক মাসের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, অপরাধের ধরন ও বিস্তৃতি দুটোই বেড়েছে। আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, পূর্বশত্রুতা এবং অপরাধী গ্রুপগুলোর দ্বন্দ্বে প্রাণহানির ঘটনা ঘটছে। অপরাধীরা কখনো প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য জানান দিচ্ছে। অনেক ঘটনায় হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হলেও দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে খুলনা মহানগরী ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৭৩টি। নিহতদের মধ্যে ২৫ জন গুলিতে প্রাণ হারিয়েছেন।
কেএমপির তথ্য অনুযায়ী, মহানগরীতে ১৮১ জন সন্ত্রাসী, ৫৮৪ জন মাদক বিক্রেতা এবং ৬৯ জন চাঁদাবাজের তালিকা রয়েছে। এর মধ্যে লবণচরা, খালিশপুর, দৌলতপুর ও সদর এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি তুলনামূলক বেশি। তালিকা থাকার পরও অপরাধীদের তৎপরতা বন্ধ না হওয়ায় পুলিশের নজরদারি ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। খুলনাজুড়ে কেন এত সন্ত্রাসী কার্যক্রম চলমান তা নিয়ে যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন তথ্য।
খুলনার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করে আট সন্ত্রাসী গ্রুপ : সন্ত্রাসীরা এখন সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করছে। আগে বড় বড় কোম্পানি বা ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলেও এখন ছোটখাটো ব্যবসায়ীদেরও টার্গেট করছে। তাদের ভয়ভীতিতে ফার্মেসিসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হঠাৎ করে সাধারণ ব্যবসায়ীদের কেন টার্গেট করছে সন্ত্রাসীরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়-খুলনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আটটি সন্ত্রাসী গ্রুপ। এগুলো হচ্ছে-গ্রেনেড বাবু গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক গ্রুপ, পলাশ, হুমা, টেংকি শাওন, আরমান, শাকিল এবং নাসিম গ্রুপ। এর মধ্যে গ্রেনেড বাবু, নূর আজিম, আশিক ও পলাশ গ্রুপের মাদক বিক্রির এলাকা নির্ধারণ ও আধিপত্য নিয়ে গ্রুপিং ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থান পরিবর্তন করেছে সন্ত্রাসীরা। আশিক গ্রুপের প্রধান আশিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় এই প্রতিবেদকের। আশিক বলেন, ‘আমি এখন আর মাদক ব্যবসায় জড়াব না। মাদক মামলায় আমার ছেলেগুলো জেলে গেলে জামিন করাতে বেগ পেতে হয়। তার চেয়ে এখন থেকে চাঁদা চাইব। ব্যবসায়ীদের ভয় দেখাব, মারধর করব। বাধ্য হয়ে টাকা দেবে। তাই দিয়ে চলব।’ তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের পয়সা দিতে হয়, পুলিশকে পয়সা দিতে হয়। এরপরও মামলার ধারা কঠিন হয়। এর থেকে চাঁদাবাজিই ভালো। মামলার ধারা জটিল নয়। অল্প দিনে জেল থেকে বের হওয়া যায়। মাদক নিয়ে গ্রেনেড বাবু কাজ করে সেই করুক। আমি ছোটখাটো কোনো ব্যবসায়ীর গায়ে হাত দেব না। দিলে বড় ব্যবসায়ীদের ধরব।’
বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আপনার বিষয় না ভাই। যেখানে আছি ভালো আছি।’ একই অবস্থান নিয়েছে নুর আজিম। নগরীর সদর ও সোনাডাঙ্গা এলাকার যত ব্যবসায়ী আছেন সবার কাছে চাঁদা চাওয়া হচ্ছে নুর আজিমের নামে। শহরের সদর থানা এলাকার ছোট-বড় সব ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা চেয়েছেন নুর আজিম। একই অবস্থা খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায়। এই এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত হয়েছে হুমা গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ।
রাজনৈতিক ছায়ায় সন্ত্রাসীরা: খুলনায় বর্তমান সময়ের আলোচিত সন্ত্রাসী নূর আজিম। চাঁদাবাজিতে পাড়া-মহল্লায় আতঙ্ক সৃষ্টি করেছে। নূর আজিমের বাড়ি নগরীর টুটপাড়া এলাকায়। তার উত্থান হয়েছে আওয়ামী লীগ নেতা জেডএ মাহমুদ ডন ও ২৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল আহসান টিটোর ছত্রছায়ায়। এর বাইরে অন্যতম শীর্ষ বাহিনী গ্রেনেড বাবু। মুম্বাইয়ের দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’র আদলে ‘বি কোম্পানি’ নাম দিয়ে একটি আলাদা বাহিনী গড়ে তুলেছেন। তার মাধ্যমে খুলনায় অপরাধ জগত নিয়ন্ত্রণ করেন গ্রেনেড বাবু। গ্রেনেড বাবুর আসল নাম রনি চৌধুরী। তার আত্মীয়স্বজনের একটি বড় অংশ বর্তমান ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারের সময়ে সন্ত্রাসী রনি চৌধুরীর এক আত্মীয়সহ তিন বিএনপি নেতার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশও (ডিটেনশন) দেওয়া হয়েছিল। তবে তাদের আটক করেনি পুলিশ। ফলে খুলনায় ভুক্তভোগীদের একটি বড় অংশ মনে করে ক্ষমতাসীন দলের কোনো কোনো নেতার সাপোর্ট রয়েছে রনি চৌধুরীর ওপর। একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএনপির এক নেতা ও এক ব্যবসায়ী নেতা গ্রেনেড বাবুর সঙ্গে দেশের বাইরে মিটিং করেছেন। যেটা নিয়ে তদন্ত চলছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের এসব সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অনেক নেতারই সখ্য রয়েছে।
পুলিশের একটি সূত্র দাবি করেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর খুলনায় অনেক রাজনৈতিক নেতা এসব সন্ত্রাসী গোষ্ঠীকে বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। ফলে এখন এরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সন্ত্রাসীদের ধারাবাহিক হুমকির পর নগরীর টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসির মালিক দৌলত কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার কাছে সহযোগিতা চান। তবে তাদের কাছ থেকে সহায়তার আশ্বাস না পেয়ে হতাশ হয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন।
তবে রাজনৈতিক ছত্রছায়ায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সন্ত্রাসীরা বেপরোয়া হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। পুলিশ অপরাধীদের আসামি হিসাবে ট্রিট করছে না। মামলার ক্ষেত্রেও ফাঁকফোকর রেখেই মামলা দেওয়া হচ্ছে। যাতে তারা ছাড়া পাচ্ছে। আমরা অচিরেই পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে কার্যক্রম হাতে নিয়েছি।
কালের কণ্ঠ
‘চুরি ঠেকানোর পাইপলাইনেই তেল চুরি’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, জ্বালানি তেল চুরি ও পরিবহন ব্যয় কমাতে প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনই এখন তেল চুরির নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। কোথাও মাটির নিচে থাকা পাইপলাইন ফুটো করে সরাসরি ডিজেল চুরি হচ্ছে, আবার কোথাও ট্যাংকের ধারণক্ষমতা কাগজে-কলমে কম দেখিয়ে হিসাবের বাইরে রাখা হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল।
পাইপলাইন ঘিরে একের পর এক এমন অনিয়ম, অব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতা সামনে এলেও এখনো পুরোপুরি কার্যকর হয়নি নিয়ন্ত্রণব্যবস্থা ও স্বয়ংক্রিয় নজরদারি। ফলে তিন হাজার ৬৯৯ কোটি টাকার এই প্রকল্পের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট (গ্যাসের উপজাত) বহনকারী পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে দুই দিনে চার হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র।
পরে চুরি করা কনডেনসেট মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হতো। এ ঘটনায় গত বুধবার রাতে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রতনপুর গ্রামের ইসলাম উদ্দিনসহ চার-পাঁচজনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল)।
রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলের অভ্যন্তরীণ নথি পর্যালোচনায় দেখা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় নিরাপত্তা ও অটোমেশন ব্যবস্থার গুরুতর দুর্বলতা ধরা পড়ে। গত ৮ জানুয়ারি এ ঘটনা প্রকাশ্যে এলেও এর আগে দীর্ঘ সময় ধরে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে তেল চুরির চেষ্টা চলছিল।
অন্যদিকে চট্টগ্রাম থেকে ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের দুই দফায় তিন লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেলের হিসাব পাওয়া যাচ্ছে না। ডিপোর দুটি ট্যাংকের ধারণক্ষমতা নির্ধারণে বড় ধরনের অসংগতি এবং ক্যালিব্রেশন সনদে কারসাজির অভিযোগ উঠেছে।
শুধু তা-ই নয়, পাইপলাইন নির্মাণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজেও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। অপটিক্যাল ফাইবার ক্যাবলে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জয়েন্ট কিট স্থাপনের কারণে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এতে পাইপলাইন ইন্টারশন ডিটেকশন সিস্টেম (পিআইডিএস), লিক ডিটেকশন সিস্টেম (এলডিএস), সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেম (স্কাডা) ও সিসিটিভি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
অথচ এসব প্রযুক্তির মাধ্যমে পাইপলাইনে কোনো ধরনের অনুপ্রবেশ, খনন কিংবা তেল ছড়িয়ে পড়ার ঘটনা তাত্ক্ষণিক শনাক্ত করার কথা। বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসির প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইন (সিডিপিএল) প্রকল্পে ব্যয় হয়েছে তিন হাজার ৬৯৯ কোটি টাকা। পাইপলাইনটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল পরিবহনের সক্ষমতা নিয়ে নির্মিত প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৫ সালের ১৬ আগস্ট। এর আগে ২০২৪ সালের জুনে পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন শুরু হয়। ১৬ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন মাটির পাঁচ ফুট নিচে স্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্পটির লক্ষ্য ছিল নদীপথে জাহাজ ও ট্যাংকারে তেল পরিবহনের ঝুঁকি, চুরি ও সিস্টেম লস কমানোর পাশাপাশি পরিবহন ব্যয় সাশ্রয় করা। প্রকল্পের নথি অনুযায়ী, বছরে ২৩৬ কোটি টাকা সাশ্রয়ের প্রত্যাশা রয়েছে। কিন্তু বাস্তবে প্রকল্পটির নিরাপত্তা, পরিচালনা ও তেল পরিমাপের ব্যবস্থায় একের পর এক দুর্বলতা সামনে আসছে।
অকার্যকর অটোমেশন, সংকেত পায় না নিয়ন্ত্রণকক্ষ: মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় পেট্রোলিয়াম ট্রান্সমিশন কম্পানি (পিটিসি) পিএলসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অটোমেশন ব্যবস্থার গুরুতর ত্রুটি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮ জানুয়ারি পাইপলাইনে ছিদ্র করে তেল বের করে নেওয়ার সময় ডেসপ্যাচ টার্মিনালের নিয়ন্ত্রণকক্ষে স্থাপিত পিআইডিএস ও এলডিএস কোনো সংকেত দেয়নি। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানতে পারেননি। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে মোবাইল ফোনে খবর পাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তে দেখা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিন মাসে পিআইডিএস ১০৮ বার অকার্যকর হয়ে পড়ে। অন্যদিকে ফিল্ড ইনস্ট্রুমেন্টের ত্রুটির কারণে এলডিএস ৪৯ দিন কার্যত অকার্যকর ছিল। টেলিযোগাযোগব্যবস্থায় বিঘ্ন এবং অপটিক্যাল ফাইবার কেবলের ত্রুটিকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ৯ জানুয়ারি পাইপলাইন মেরামতের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি খনন এবং পাইপের ছিদ্রে রিপেয়ার ক্ল্যাম্প স্থাপনের সময়ও পিআইডিএস কোনো সংকেত দেয়নি। নকশা অনুযায়ী, পাইপলাইন থেকে ১০ থেকে ২০ মিটার দূরত্বের মধ্যে খননকাজ হলে এ ব্যবস্থায় সংকেত পাওয়ার কথা। কিন্তু বাস্তবে তা কার্যকর ছিল না। এ ছাড়া গোদনাইল রিসিপ্ট টার্মিনালের স্কাডা ব্যবস্থার চারটি সার্ভার ২০২৫ সালের ১ নভেম্বর থেকে নষ্ট হয়ে যায়। সার্ভারগুলো হলো স্কাডা প্রাইমারি, স্কাডা সেকেন্ডারি, এলডিএস ও ওয়েভ সার্ভার। চলতি বছরের ১১ জানুয়ারি সার্ভারগুলো পুনঃস্থাপন করা হলেও তদন্ত প্রতিবেদন জমার সময় পর্যন্ত সেগুলো কার্যকর হয়নি। এলডিএস সার্ভার নষ্ট থাকা এবং আরটিইউ প্যানেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় দীর্ঘদিন এ ব্যবস্থাও অকার্যকর ছিল। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো ২৫০ কিলোমিটার পাইপলাইনে অটোমেশন ব্যবস্থা কার্যকর করতে আরো সময় লাগতে পারে।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানো, অপচয় রোধ এবং দ্রুত ও নিরাপদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তবে পাইপলাইনে তেল চুরির একটি ঘটনা সামনে আসার পর নিরাপত্তা ও নজরদারি আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনেও প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে অপটিক্যাল ফাইবার কেবলের (ওএফসি) মাধ্যমে পাইপলাইন পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ প্রযুক্তি ব্যবহারে কিছু কারিগরি সমস্যা রয়েছে। পাইপলাইন সড়কের পাশ দিয়ে যাওয়ায় যানবাহনের শব্দ এবং অবৈধভাবে পাইপলাইনে হস্তক্ষেপের ফলে সৃষ্ট শব্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানে কাজ চলছে। পাইপলাইনের পুরো অংশে নজরদারি নিশ্চিত করতে প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।’
সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘খুলনার মানুষ বাঁচতে চায়’। প্রতিবেদনে বলা হয়, ‘এভাবে চললে খুলনার মানুষ বাঁচবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে, মানুষ আর এই শহরে থাকবে না। ব্যবসায়ীরা অলরেডি (ইতোমধ্যে) খুলনা ত্যাগ করেছেন।’
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাম্প্রতিক এই বক্তব্যে খুলনায় আইনশৃঙ্খলার অবনতি এবং এর থেকে সৃষ্ট নাগরিক নিরাপত্তাহীনতার সত্যিকারের চিত্র ফুটে উঠেছে।
নগর প্রশাসক একা নন, খুলনার সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, পুলিশ কমিশনার, ব্যবসায়ী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি-সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলেছেন, খুলনার মানুষ শান্তি চায়, তারা বাঁচতে চায়। তাই পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
গত মঙ্গলবার জাতীয় সংসদে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি জামায়াতের খুলনা মহানগরের সেক্রেটারি। সংসদে তিনি বলেন, 'পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের হাত থেকে খুলনাবাসী বাঁচতে চায়।'
পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে ৭৭ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ২৫ জনকেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে শতাধিক মানুষকে। সম্প্রতি শুরু হয়েছে ব্যাপক চাঁদাবাজি।
সম্প্রতি খুলনা সফর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই দিনও একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর করে সন্ত্রাসীরা। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফর করেন। তাঁর সফরের দিনও জোড়া খুনের ঘটনা ঘটে খুলনায়।
সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত এক ব্যক্তিকে দেখতে গত ৯ জুন হাসপাতালে যান সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, 'খুলনা শহরে এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। চাঁদার অঙ্ক ছোটখাটো নয়, লাখ থেকে কোটি টাকা। পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে চাঁদাবাজি করছে। কেউ মুখ খুলতে পারছেন না। পরিস্থিতি এমন যে, কার কাছে অভিযোগ করবেন, তা নিয়েও মানুষের ভয়। অভিযোগ ফাঁস হয়ে গেলে গুলির শিকার হতে হবে, হত্যার শিকার হতে হবে। এ কারণে সবাই চাঁদা দিচ্ছেন, কিন্তু কেউ মুখ খুলছেন না।'
ইত্তেফাক
‘পালিয়ে যাওয়া নেতারা আর ফিরতে পারবেন না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। জার্মানি থেকে হিটলারের নািস বাহিনীর সদস্যরা পালিয়ে গিয়েছিল, তারাও আর ফিরতে পারেনি। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আগের দিন সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। সেটির পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এই বিবৃতি দেন।
‘অপারেশনের সময় রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনশৃঙ্খরা বাহিনী যে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবে’
বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ক্ষমতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপারেশনের সময়ে রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে প্রয়োজনে তারা যে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণ দিতে হয়েছে। সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। কক্সবাজারে অভিযানে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নিহত সেনাসদস্যের পরিবারের জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে দেশের শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
‘মানবাধিকারের সীমারেখার মধ্যেই চক্রান্ত নস্যাত্ করা হবে’
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে আই রিপিট, প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাত্ করা হবে।
‘সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠন গার্মেন্টস আন্দোলনের নেতৃত্বে’, হইচই
পোশাক খাতে অস্থিরতার সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ। দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া পোশাক খাতে অস্থিরতায় সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও সেই দলের নাম বলেননি তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাকশিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আমরা শুরুতেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছি। সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, শ্রমিক ও মালিকপক্ষসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেই মজুরি বোর্ডের কয়েকটি মিটিংও হয়েছে, তারা সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করবেন। খুব শিগিগরই। এই উদ্যোগ শ্রমিক ও মালিক উভয় পক্ষ মেনে নিয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন। এরপরও একটি মহল নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে তাদের শ্রমিক সংগঠন এবং গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে উসকানি দিয়ে মজুরি বোর্ড গঠনে ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে পতিত অবৈধ সরকারের পলাতক মন্ত্রী, এমপি ও নেতৃবৃন্দের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে।
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক সরকার ও বিরোধী দলের’। প্রতিবেদনে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সাথে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়টি সমর্থন করেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্মঘট, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেয়া হচ্ছে- উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’
বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। অতীতে যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পর কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’ বিরোধীদলীয় নেতা আরো বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বিতর্কও হবে। কিন্তু দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন। জনগণ যেন আর অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়ে যে কথা বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।
৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: সংসদে ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিটলারের সাথে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো একটি দল পালিয়ে গেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সাথে উদাহরণ দেয়া যায় এবং মিলেও যায়। তিনি বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি। তেমনই গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।
বণিক বার্তা
‘মোংলা বন্দরে চার বছরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, পশুর নদীর নাব্য সংকটের কারণে ক্রমেই প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। বহির্নোঙরে সিংহভাগ পণ্য খালাস করে বন্দরে ঢুকতে হচ্ছে বড় জাহাজগুলোকে। এতে বাড়ছে পণ্য পরিবহনের ব্যয়, বিঘ্নিত হচ্ছে সময়সূচি। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় মোংলা বন্দরের পরিবর্তে চট্টগ্রামমুখী হচ্ছেন কনটেইনার ব্যবসায়ীরা। ফলে গত চার বছরে মোংলায় জাহাজ আসা কমেছে প্রায় ৪২ শতাংশ। নাব্য সংকটের স্থায়ী সমাধান না হলে তা আরো কমে যাওয়ার আশঙ্কা করছেন বন্দরসংশ্লিষ্টরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৯৮৭টি জাহাজ এসেছে ও ৯৯৪টি জাহাজ বন্দর ছেড়ে যায়। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই মোংলায় সর্বনিম্ন জাহাজ চলাচল। বন্দরটিতে জাহাজ আগমন ও নির্গমন সর্বোচ্চ ২০২১-২২ অর্থবছরে, যথাক্রমে ১ হাজার ৭১২ ও ১ হাজার ৭০৮টি। নাব্য সংকটের কারণে এরপর থেকে ধারাবাহিকভাবেই তা কমেছে। ২০২২-২৩ অর্থবছরে আগমন কমে ১ হাজার ২২৩টিতে দাঁড়ায়। ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ১ হাজার ৮৯, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৫২ এবং সর্বশেষ অর্থবছরে ৯৮৭টি।
অর্থাৎ চার বছরের ব্যবধানে বন্দরে জাহাজের আগমন কমেছে ৭২৫টি বা প্রায় ৪২ শতাংশ। নির্গমন কমেছে প্রায় একই হারে, ৭১৪টি। শ্রেণীভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জাহাজ চলাচল কমার বড় অংশ এসেছে ‘ভারত-বাংলাদেশ প্রটোকল ও অন্যান্য’ শ্রেণী থেকে। ২০২১-২২ অর্থবছরে এ শ্রেণীতে ৮২৬টি জাহাজ এলেও গত অর্থবছরে এসেছে কেবল ১৭২টি।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও পরিস্থিতির উন্নতি হয়নি। প্রথম তিন মাস অর্থাৎ গত সেপ্টেম্বর পর্যন্ত মোংলা বন্দরে এসেছে ২১৩টি জাহাজ ও বন্দর ছেড়ে গেছে ২০০টি। এ সময়ে মাসিক গড় আগমন প্রায় ৭১টি, যেখানে আগের অর্থবছরে এসেছিল ৮২টি জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দরের জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে। সর্বোচ্চ ২২৫ মিটার দৈর্ঘ্যের জাহাজ বন্দরে আসতে পারে। তবে চলাচলের চ্যানেলটি অনেকটাই জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। সাগরের মুখে অগভীর বার বা পলি জমে তৈরি হওয়া চর অতিক্রম করতে জোয়ারের পানির প্রয়োজন হয়। সারা বছর সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ পার হতে পারে। বর্ষা মৌসুমে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজও পার হওয়ার সুযোগ থাকে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, খুলনার চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘মোংলা বন্দরে আগে থেকেই আমদানি কমে গেছে। এর ওপর নাব্য সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বড় জাহাজ সরাসরি জেটিতে আনা যাচ্ছে না। জাহাজগুলোকে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করে বাকি পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করতে হচ্ছে। এতে জাহাজ পরিচালনা ও পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘একটি জাহাজ আসার দুই-তিন মাস আগে থেকেই জাহাজ মালিকরা বন্দর সম্পর্কে খোঁজখবর নেন। নাব্য পরিস্থিতি অনুকূলে না থাকলে তারা অন্য বন্দর ব্যবহারের সিদ্ধান্ত নেন। আবার কেউ মোংলায় আসতে রাজি হলেও বাড়তি ভাড়া দাবি করেন।’
নাব্য সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘১৯৯৩ সাল থেকে আমি এ ব্যবসার সঙ্গে যুক্ত। যখন যে সমস্যা দেখা দেয় বন্দর কর্তৃপক্ষ তখন সেটির সমাধানের চেষ্টা করে। কিন্তু সমস্যার মূল কারণ খুঁজে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেয়া হয় না। বিদেশে নদীবন্দরগুলো যেভাবে ব্যবস্থাপনা করা হয়, সেভাবে পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী ১০-১৫ বছর নাব্য নিয়ে ভাবতে হবে না।’
মোংলা বন্দর মূলত আমদানিনির্ভর। প্রধানত ক্লিংকার, জিপসাম, চুনাপাথর, সার, গম, এলপিজি, মোলাসেস ও গাড়ি আমদানি করতে এ বন্দর ব্যবহার করেন ব্যবসায়ীরা। রফতানি কার্যক্রম খুবই সীমিত।
মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বণিক বার্তাকে বলেন, ‘বন্দরে জাহাজ চলাচল কমার প্রধান তিনটি কারণ হলো নাব্য সংকট, কনটেইনার জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং গ্যাসবাহী জাহাজের আগমন হ্রাস। আগে যে পরিমাণ কনটেইনার জাহাজ আসত, নাব্য না থাকায় এখন তার অর্ধেকেরও কম আসছে। আবার মোংলা থেকে কনটেইনার পরিবহনেও ভাড়া বেশি দিতে হয়। পাশাপাশি জাহাজের সময়সূচিও ঠিক রাখা যাচ্ছে না। নির্ধারিত সময়ে রফতানির পণ্য জাহাজে তুলে দিতে না পারলে ক্রেতারা অনেক ক্ষেত্রে পণ্য গ্রহণে অস্বীকৃতি জানান। এ কারণে ব্যবসায়ীরা ঝুঁকি এড়াতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন।’
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘বিনা মূল্যের পাঠ্যবই: বই এবার আগেভাগে সংশয় শুধু মানে’। প্রতিবেদনে বলা হয়, আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই পাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপানোর কাজ প্রায় শেষের পথে থাকায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্র বলেছে, এরই মধ্যে প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ এবং প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপানো শেষ হয়েছে। ইবতেদায়ি স্তরের প্রায় ৯৫ শতাংশ এবং মাধ্যমিক স্তরের প্রায় ৭৭ শতাংশ বই ছাপানো হয়েছে।
শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যবই পাওয়া নিয়ে কোনো সংশয় না থাকলেও বইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। মুদ্রণকারীদের বিরুদ্ধে দরপত্রের শর্তের নির্ধারিত মানের চেয়ে কম জিএসএমের কাগজ এবং নিম্নমানের কালি ব্যবহার করে বই ছাপানোর অভিযোগ এবারও উঠেছে।
এনসিটিবি সূত্র বলেছে, নিম্নমানের কাগজ ও ছাপার কারণে এরই মধ্যে প্রায় ৯ লাখ ফর্মা বাতিল করা হয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুত করা ১২ হাজার বই কেটে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগে অন্তত ২৫টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাপানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি বই ছাপানো হবে। এসব বইয়ের মধ্যে মাধ্যমিক স্তরের ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের প্রায় ৮ কোটি ২০ লাখ বই রয়েছে। বিনা মূল্যের এসব পাঠ্যবই ছাপাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।
এনসিটিবির কর্মকর্তারা বলছেন, এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চলতি নভেম্বর মাসের মধ্যেই পাঠ্যবই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বইয়ের মান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।
এনসিটিবির হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ বই ছাপানো এবং প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ বই ছাপানো হয়েছে, পিডিআই শেষ হয়েছে প্রায় ৯৮ শতাংশ বইয়ের। ইবতেদায়ি স্তরের ৯৫ শতাংশ বই ছাপানো হয়েছে এবং পিডিআই হয়েছে ৯০ শতাংশ বইয়ের বেশি। মাধ্যমিক স্তরের প্রায় ৭৭ শতাংশ বই ছাপানো হয়েছে, পিডিআই হয়েছে প্রায় ৭১ শতাংশ বইয়ের বেশি। পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ভালো হলেও নতুন চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি। বইগুলো হলো—চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, শেষ মুহূর্তে নতুন চারটি বই পাঠ্যক্রমে যুক্ত হওয়ায় ছাপাখানায় সময়মতো পাণ্ডুলিপি সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে বইগুলোর ছাপানোর কাজ শুরু করা যায়নি। তবে এ-সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে বইগুলোর ছাপানো শুরু হবে। শিক্ষার্থীরা যথাসময়ে বই পাবে।
সব ঠিকঠাকমতো হলে দীর্ঘ কয়েক বছর পর এবার শিক্ষার্থীরা আগেভাগে নতুন বই পাচ্ছে। ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করছে সরকার। বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকলেও বিভিন্ন সময়ে তাতে ব্যর্থতার নজিরও রয়েছে। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে টানা দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষে বছর শুরুর ১ মাস ৭ দিন পর গত ৭ ফেব্রুয়ারি শতভাগ বই সরবরাহ সম্পন্ন করে এনসিটিবি। এর আগের শিক্ষাবর্ষে সব বই সরবরাহ করতে লেগেছিল প্রায় তিন মাস। অবশ্য সেবার বইয়ে ব্যাপক পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছিল।
দেশ রূপান্তর
‘নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নেমে এসেছে। এসব অপকর্ম রুখতে মাঠে নেমেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে শাসক দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে রাজধানীর মোড়ে মোড়ে দল বেঁধে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে গতকাল বুধবার। কোথাও কোথাও নাশকতার প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের পাশাপাশি প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরও। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই সক্রিয়তা চোখে পড়েছে। একই সঙ্গে সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে পুলিশকে মোড়ে মোড়ে তল্লাশি চালাতে দেখা গেছে।
তবে, এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল নাশকতার ঘটনা ঘটেছে। রাজধানীতে অন্তত তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার বাইরে চাঁদপুরে বিএনপি অফিস এবং পাবনায় গ্রামীণ ব্যাংকেও অগ্নি সংযোগ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল এবং শো-ডাউন করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কাবস্থান ও বিএনপির নেতাকর্মীদের মাঠে উপস্থিতির ভেতরেই গতকাল বুধবার ও আগের রাতে ঢাকার মগবাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যানবাহনে আগুনের ঘটনাও ঘটেছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশ রূপান্তরকে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা রাজপথে আছেন, থাকবেন। কথা হয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দায়িত্ব সরকারের। জনগণের জানমালের হেফাজতে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। সরকার যদি এই সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে জনগণকে নিয়ে সন্ত্রাস প্রতিরোধে মাঠে নামবে বিরোধী দল। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজেই স্বীকার করছেন না। তারা বলছেন কয়েক জায়গায় হামলা হয়েছে। তাহলে এখানে বিরোধী দল কী করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এখনো ঐক্যের কোনো আহ্বান জানানো হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোয় জোরাল চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। গতকাল বুধবার ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। পুলিশের এ কাজের সঙ্গে বিভিন্ন স্থানে সরকারদলীয় সমর্থকদের উপস্থিতিও দেখা গেছে।
পুলিশ জানায়, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ডিএমপি এলাকায় গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ওই সময় রাজধানীর সাতটি স্থানে আটটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। নাশকতার ঘটনায় ওই দিন শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র’। প্রতিবেদনে বলা হয়, দেশের জ্বালানি তেল নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। চলতি নভেম্বরের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে অপারগতা জানিয়েছে চিহ্নিত কয়েকজন সরবরাহকারী। এসব কোম্পানির সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সম্পৃক্ত থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পলাতক শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আর ঠিক সেই সময় সামনে রেখে একটি গোষ্ঠীর দেশে জ্বালানি সরবরাহে অক্ষমতা প্রকাশ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা বলছেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী জড়িত কি না তা খতিয়ে দেখা জরুরি। নইলে মারাত্মক বিপদে পড়তে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কালো তালিকাভুক্তসহ যারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। অবাক করার বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাতিল করা হলেও আওয়ামী ঘনিষ্ঠ ওই কোম্পানিকেই বাড়তি দরে ডিজেল, উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) সরবরাহের কাজ দিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
খোঁজ নিয়ে জানা যায়, এখানেও মারাত্মক কারচুপি করা হয়েছে। অত্যন্ত গোপনে দেওয়া এসব দরপত্রের কারণে কয়েক শ কোটি টাকা বাড়তি গুনতে হবে বাংলাদেশকে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ৯.৫০ ডলার ও জেট ফুয়েল ১০.১৫ ডলার। অন্যদিকে আওয়ামী ঘনিষ্ঠ ওই কোম্পানিকে ওটিএম (উন্মুক্ত দর পদ্ধতিতে) পরিশোধ করা হবে ডিজেল ১৬.৬৮ ডলার ও জেট ফুয়েল ১৭.৮৮ ডলার।
প্যাকেজ-০২ এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েলের কার্যাদেশ পেয়েছে চিহ্নিত ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া’। এ রকম বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। শুধু প্যাকেজ-০২ এর বিপরীতেই ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার বাড়তি অর্থ গুনতে হবে বাংলাদেশকে। ডলার ১২৩ টাকা হারে ধরলে এক চালানেই সরকারের গচ্চা যাবে প্রায় ১৮২ কোটি টাকার মতো। খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি তেল কেনার ওই প্রক্রিয়াতে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। গত সেপ্টেম্বরে ওটিএম প্রক্রিয়ায় ৬ লাখ ৫ হাজার টন ডিজেল এবং ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করে বিপিসি। এতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ১৪.৮৫ ডলার এবং জেট ফুয়েল ১৬.৪৯ ডলার। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রিমিয়াম বেশি উল্লেখ করে তা অনুমোদন দেয়নি। অথচ তার চেয়েও বেশি প্রিমিয়াম ধরা হয়েছে অত্যন্ত গোপনে দেওয়া ওটিএম-এ। আর সেই কার্যাদেশ পেয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. এজাজুর রহমান। তিনি বিগত ১৭ বছরে মাফিয়া হয়ে উঠেছেন। ক্ষেত্রবিশেষে বিপিসিও তার কাছে জিম্মি। অভিযোগ উঠেছে, আবার কখনো কখনো মাসোহারার বিনিময়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির নীরব থাকার। জ্বালানি তেল আমদানিতে বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের ছয়টির লোকাল এজেন্ট ডা. এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিস লিমিটেড। কাকতালীয়ভাবে নভেম্বরে তেল সরবরাহে অপারগতা প্রকাশ করা সাতটি চালানেই এজাজুর রহমানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। যা আসছে ডিসেম্বরের ষড়যন্ত্রকে নিয়ে থাকা আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা।
বিপিসি সূত্র জানিয়েছে, নভেম্বরে জি-টু-জির ক্রয় শিডিউলে থাকা ১১টি চালান সরবরাহে অপরাগতা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুর ১৯, ২১ ও ২২ এবং ২৪ নভেম্বর তারিখে তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েলের চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি) ২৮ নভেম্বর ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) ১০ নভেম্বর ডিজেল এবং ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) ওমান ২৩ নভেম্বর মোগাস সরবরাহ করার কথা ছিল। এসব চালান নভেম্বরে দেশে আসত যা দিয়ে পরবর্তী ডিসেম্বরে দেশের চাহিদা পূরণ করার কথা। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, জি-টু-জি ভিত্তিতে প্রতিশ্রুত ডিজেল এবং জেট ফুয়েল সরবরাহ না দিলেও বাড়তি দরে ওই কোম্পানির সঙ্গেই রহস্যজনক প্রক্রিয়ায় চুক্তি করা হচ্ছে। এতে বিপিসি পরিচালক (অপারেশন) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে আশঙ্কা করছেন অনেকে। তারা বলেছেন, গোপন সমঝোতার ভিত্তিতে প্রিমিয়াম বাড়িয়ে ওটিএম করা হয়েছে। চাইলেই ডিপিএম আগ্রহী তালিকা থেকে কম দামে চূড়ান্ত করার সুযোগ ছিল। অথচ মন্ত্রিসভার আদেশের বাইরে গিয়ে বাড়তি প্রিমিয়ামে কার্যাদেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সেই কোম্পানিকে। এক্ষেত্রে বাড়তি অর্থ বিদেশে ভাগাভাগির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এজাজুর রহমান এমন কাজে আগ থেকেই সিদ্ধহস্ত। যে কারণে সরকার এবং বিপিসির বিভিন্ন স্তরে রদবদল হলেও তিনি বহাল তবিয়তে রয়ে গেছেন। দেশের জ্বালানি চাহিদার সিংহভাগ এখন তিনি একাই নিয়ন্ত্রণ করছেন। ২০২৫-২৬ অর্থবছরে একাই কার্যাদেশ পেয়েছেন প্রায় ৭৮ শতাংশ।
