কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। পুড়ে মারা গেছে দু’টি ছাগল। এ ঘটনায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন এনসিপি’র নেতারা।
বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।’
তিনি আরও বলেন, ‘নুসরাত তাবাসসুমের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন লাগেনি।’
এদিকে, নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ ঘটনার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত একটার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন পোস্টে বাড়িতে অগ্নিকাণ্ডের কথা বলা হয়।
এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলার কথা উল্লেখ করেছেন।
তবে বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
নুসরাত তাবাসসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন এনসিপির সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক মো. ওয়াহিদ উজ জামান। তিনি জানান, নুসরাত এ মুহূর্তে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই।
ঘটনার বিষয়ে ওয়াহিদ উজ জামান বলেন, ‘রাত পৌনে ১২টার পর বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো সিসিটিভি ফুটেজ এখনো দেখা হয়নি।’ তবে তার ধারণা, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে।
নুসরাত তাবাসসুম এনসিপি’র যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৫২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
