চকরিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৩

চকরিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৩

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ মিছিল হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটকরা হলেন—চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আরফাত নোমান (১৮) এবং অন্য দুই কিশোর।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরমান মাহমুদ রুবেলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী কাহারিয়াঘোনা এলাকায় জড়ো হন। পরবর্তীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে একটি ঝটিকা মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান মানবজমিনকে বলেন, ‘মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’