২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১৬ই জানুয়ারি এ পরীক্ষা নেয়া হবে। মঙ্গলবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) মতবিনিময় সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১লা ফেব্রুয়ারির আগে আয়োজন না করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ভর্তি আবেদন কার্যক্রম ১লা জানুয়ারির পর শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এইচএসসির সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বুয়েটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত ১৬ই জানুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষাও পূর্বঘোষিত তারিখেই অনুষ্ঠিত হবে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে কয়েকটি বিভাগের ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি আবেদন শুরু হবে আগামীকাল ১১ই নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫শে নভেম্বর পর্যন্ত। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সময়েই বুয়েটের ভর্তি পরীক্ষা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩০ মিনিট আগে
১০ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
