‘আইসিসিই পিছু হটেছে ’

‘আইসিসিই পিছু হটেছে ’

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলতে রাজি হওয়া নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে নানা সমীকরণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একে ‘নৈতিক জয়’ হিসেবে দাবি করলেও নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক বোর্ড প্রধান নাজাম শেঠি। তার দাবি, পাকিস্তান নয়, বরং আইসিসি নিজেই এই দ্বন্দ্বে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শেঠি দাবি করেন, পাকিস্তান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কৌশল সাজিয়েছিল। সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘আসলে আইসিসিই পিছু হটেছে। আমার মনে হয়, বাংলাদেশকে কিছুটা সুযোগ দিতে আইসিসি একটু সরে দাঁড়িয়েছে। পাকিস্তানের দিক থেকে এটি ছিল খুব ভেবেচিন্তে নেওয়া একটি সিদ্ধান্ত। তারা সবদিক খতিয়ে দেখেছে।’ শেঠির মতে, পিসিবি জানতো ভারত-ম্যাচ বয়কট করলে কোনো বড় নিষেধাজ্ঞা আসবে না।

তিনি বলেন, ‘তারা জানতো নিষেধাজ্ঞা আসবে না। এ বিষয়ে তারা দেশ ও বিদেশের শীর্ষ আইনজীবীদের সঙ্গে পরামর্শও করেছে। সর্বোচ্চ যা হতে পারত, তারা হয়তো একটি পয়েন্ট হারাত। আইসিসি এটা বুঝতে পেরেই আলোচনার উদ্যোগ নেয়।’

অন্যদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল পেশোয়ারে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করেন। তার দাবি, পাকিস্তান কেবল বাংলাদেশের ওপর হওয়া ‘অন্যায়ের’ বিচার চেয়েছিল। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখিনি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য সম্মান আদায় করা এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার করা।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন