রপ্তানির শীর্ষে চীন, ১০ মাসে বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার

রপ্তানির শীর্ষে চীন, ১০ মাসে বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার

ফন্ট সাইজ:

বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ চীন। বর্তমানে দেশটির রপ্তানির পরিমান তাদের আমদানির তুলনায় অনেক বেশি। দেশটির বাণিজ্য উদ্বৃত্ত এ বছরের প্রথম ১০ মাসে ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৮ হাজার কোটি টাকা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরির বৈশ্বিক প্রতিযোগিতা উচ্চ প্রযুক্তির পণ্যের বিক্রি বাড়িয়েছে। এর ফলে দেশটির অভ্যন্তরীণ চাহিদার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। এবং রপ্তানিতে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে অনমনীয় অবস্থানে থেকে চীন নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে এই বিপুল উদ্বৃত্ত চীনের প্রধান বাণিজ্য অংশীদারদের সাথে উত্তেজনা বাড়াতে পারে। চীনের শুল্ক বিভাগের মঙ্গলবারের তথ্যে দেখা যায়, অক্টোবরে মার্কিন ডলারের হিসাবে রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৩৫.২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এই বৃদ্ধির হার ছিল ৩৬.৩ শতাংশ। অর্থনীতিবিদরা অবশ্য ৩৩.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। সব মিলিয়ে এ বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১.০৪ ট্রিলিয়ন ডলার বা ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৯২০ কোটি টাকায়। টানা দ্বিতীয় বছরের মতো এই উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের ঘর ছাড়াল। ২০২৫ সালের তুলনায় এবার এক মাস আগেই এই মাইলফলক স্পর্শ করেছে চীন।

ক্রমবর্ধমান এই বাণিজ্য উদ্বৃত্ত ইউরোপীয় ইউনিয়নের সাথেও উত্তেজনা বাড়াতে পারে। ইউরোপীয় নেতারা হাইব্রিড গাড়ির রপ্তানি সীমিত করার চুক্তিতে পৌঁছানোর পর চীনের সাথে আরও বাণিজ্য বিধিনিষেধের আহ্বান জানান। এদিকে সোমবার চীন আনুষ্ঠানিক ভাবে ওয়াশিংটনের সাথে বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আগামী সপ্তাহে দক্ষিণ চীনের প্রযুক্তি শহর শেনজেনে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে এ বছর তৃতীয়বারের মতো বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।