হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নবনির্মিত ইস্পাতের চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এই জবাব দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, ‘সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।‘ ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী দায়ভার নিজের কাঁধে নেন।
এ সময় হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, হামের টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আনা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্পমূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে। দেশে ব্যবহৃত হামের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং ইউনিসেফের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকা সরবরাহে স্বীকৃত প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেয়ার পর হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটলে স্বাস্থ্যমন্ত্রীকে দেশের মানুষ জীবিত রাখত না বলেও মন্তব্য করেন তিনি।
অনেক অভিভাবক শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্তদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।
