পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের অধীন কয়েকটি বিভাগের ভর্তি যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।
সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩১শে অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। তাদের ফল আগামী ২৩শে নভেম্বর প্রকাশের কথা রয়েছে। এদিকে সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির আবেদনের শেষ তারিখ ২৫শে নভেম্বর ২০২৬ বহাল রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ই নভেম্বর দুপুর ১২টায় শুরু হবে। আবেদন করা যাবে ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
