২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী বছরের ১লা ফেব্রুয়ারির আগে হচ্ছে না। একই সঙ্গে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১লা জানুয়ারির পর। এইচএসসির সম্পূরক পরীক্ষায় অংশ নেয়া এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ও সিদ্ধান্তের বিষয়গুলো তুলে ধরেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে ভিসিদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখে যেন সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য ভিসিদের অনুরোধ করা হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষার কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভিসিদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা করবে।
